ছবি: সংবাদ সারাবেলা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন)-এর রিজিওনাল ক্লাস্টার মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি শ্রেণিকক্ষে কর্মশালাভিত্তিক এ সভা অনুষ্ঠিত হয়। ডয়চে ভেলে (DW) একাডেমি ও সিজেন বাংলাদেশের সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণার অ্যাবস্ট্রাক্ট এবং রিসার্চ কনসেপ্ট নোট তৈরিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

এতে স্বাগত বক্তব্য দেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। তিনি বলেন, ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সংবাদ গ্রহণের মাধ্যম হিসেবে শর্ট-ফর্ম ভিডিওর ব্যবহার এবং ভুল তথ্যের মতো সমসাময়িক চ্যালেঞ্জগুলো শুধু শ্রেণিকক্ষের প্রশ্ন নয়, বরং আমাদের সমাজ, গণতন্ত্র ও ভবিষ্যতের প্রশ্ন।’
শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে নিখুঁত অ্যাবস্ট্রাক্ট লেখার চাপ না নিয়ে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। এগুলো হলো—সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা, অর্থপূর্ণ গবেষণা প্রশ্ন তৈরি করা এবং সেই প্রশ্নের উত্তর কেন গুরুত্বপূর্ণ তা অনুধাবন করা। একই সঙ্গে শিক্ষকদের শুধু নির্দেশক নয়, ‘মেন্টর’ হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ULAB) উপ-উপাচার্য ও সিজেন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. জুড ডব্লিউ. আর. জেনিলো। সিজেনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রাজশাহী ডিক্লারেশন’-এর মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণা বৃদ্ধি করাই এ নেটওয়ার্কের মূল লক্ষ্য।
আসন্ন ১১তম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্স সম্পর্কে অধ্যাপক জেনিলো জানান, আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (IUB) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মিডিয়া এডুকেশন ইন ট্রানজিশন’। সাংবাদিকতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভুল তথ্য মোকাবিলাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় সম্মেলনে গুরুত্ব পাবে।
তিনি জানান, সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের জন্য আগ্রহীদের ২৫০ শব্দের মধ্যে অ্যাবস্ট্রাক্ট জমা দিতে হবে। নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়াতে শিক্ষার্থীদের একাধিক বিষয়ের ওপর অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ারও পরামর্শ দেন তিনি।
সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম একটি আদর্শ অ্যাবস্ট্রাক্ট লেখার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘একটি অ্যাবস্ট্রাক্ট হলো সম্পূর্ণ গবেষণাপত্রের লিড বা ইন্ট্রো, যা পড়ে একজন পাঠক বা রিভিউয়ার সিদ্ধান্ত নেন তিনি পুরো পেপারটি পড়বেন কি না।’
অ্যাবস্ট্রাক্টে সাধারণত টাইটেল, প্রবলেম স্টেটমেন্ট, ইন্ট্রোডাকশন, মেথড, অ্যানালাইসিস বা রেজাল্ট, কনক্লুশন ও কি-ওয়ার্ড রাখার বিষয়ে তিনি আলোচনা করেন। পাশাপাশি কনফারেন্সের নির্ধারিত শব্দসীমা অনুসরণ এবং জমা দেওয়ার আগে অন্য কাউকে দিয়ে অ্যাবস্ট্রাক্টটি রিভিউ করিয়ে নেওয়ার পরামর্শ দেন।
অধ্যাপক ড. মো. মশিহুর রহমান অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে শব্দ-সাশ্রয়ের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অ্যাবস্ট্রাক্টে সাব-হেডিং বা পয়েন্ট ব্যবহার না করে সাবলীলভাবে গবেষণার উদ্দেশ্য, পটভূমি, মেথডোলজি, ফলাফল ও তাৎপর্য তুলে ধরতে হবে। পরে তিনি শিক্ষার্থীদের ২৫০ শব্দের অ্যাবস্ট্রাক্ট লেখার হাতে-কলমে অনুশীলন করান এবং তাদের লেখা পর্যালোচনা করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সিজেন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ড. নাজিয়াত হোসেন চৌধুরী শিক্ষার্থীদের নতুন মানুষের সঙ্গে যোগাযোগ ও নতুন গবেষণা ধারণা খোঁজার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি একাধিক গবেষণা ধারণা নিয়ে কাজ করার পরামর্শ দিয়ে সিজেনের বিভিন্ন গবেষণা কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
ডয়চে ভেলে একাডেমি ঢাকার প্রজেক্ট ম্যানেজার ও কো-অর্ডিনেটর জিমি আমির বলেন, ডিডব্লিউ একাডেমি আন্তর্জাতিক গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিকতা প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। ২০১৪ সাল থেকে কারিকুলাম উন্নয়ন ও ক্যাম্পাস মিডিয়ার পাশাপাশি সিজেন প্রতিষ্ঠার উদ্যোগেও তারা কাজ করে আসছে। সিজেনকে অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও সিজেন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য আমেনা খাতুন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
