× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জমকালো আয়োজনে এনএসইউতে শেষ হলো ল’ ফেস্ট সিজন-৩

২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৪ পিএম । আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটি ল অ্যান্ড মুটিং সোসাইটি (এনএসইউএলএমএস) আয়োজিত তিন দিন ব্যাপী ল’ ফেস্ট সিজন-৩ সমাপ্ত হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত তিন দিনব্যাপী এ আয়োজনে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন ছিল। এতে বাংলাদেশের ২০টির বেশি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ, সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম, এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউ’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, এনএসইউ’র আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ, এনএসইউ’র আইন বিভাগের সিনিয়র লেকচারার ও এনএসইউএলএমএসের ফ্যাকাল্টি উপদেষ্টা নাসমিন জাবিন নূরসহ শিক্ষক, শিক্ষার্থী, অংশগ্রহণকারী, সাবেক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ বলেন, “দেশের ২০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের ল’ ফেস্টে অংশ নিয়েছেন। শুধু আইনের একাডেমিক জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়; ভবিষ্যৎ আইনজীবীদের ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। আদালতে বক্তব্য উপস্থাপন, আইনি নথি তৈরি, যুক্তি তুলে ধরা এবং কার্যকর যোগাযোগের মতো দক্ষতা আইন পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “এবারের ল’ ফেস্টে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার মেলার আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। এ আয়োজন সফল করতে আইন বিভাগের সিনিয়র লেকচারার ও এনএসইউএলএমএসের ফ্যাকাল্টি উপদেষ্টা নাসমিন জাবিন নূর এবং আমাদের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান বলেন, “সমাজ গঠনে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। আদালতে একজন আইনজীবীর বক্তব্য প্রতিপক্ষের আইনজীবী ও বিচারকের প্রশ্নের মুখোমুখি হয়। তাই আইনজীবীদের সব সময় সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।”

মন্ত্রী বলেন, “ভালো আইনজীবী হওয়ার কোনো সহজ পথ নেই। কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা, চর্চা ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ আইনজীবী হয়ে উঠতে হয়। তরুণ আইনজীবীদের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ইন্টার্নশিপ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

আইনজীবীদের মক্কেলের পাশাপাশি আদালতের প্রতিও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আইনজীবীদের সততা, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখতে হবে। শুধু অর্থ উপার্জনের দৃষ্টিতে আইন পেশাকে দেখা উচিত নয়। মানুষের প্রতি দায়িত্ব এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টিও এই পেশার সঙ্গে গভীরভাবে জড়িত।”

আইন বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের সৎ ও নীতিবান থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, “কর্মজীবনে আপনাদের নানা ধরনের মানুষ ও পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এসব ক্ষেত্রে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে এবং নৈতিক অবস্থান ধরে রাখতে হবে। আইনে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিবেচনার জন্য উপস্থাপন করা যেতে পারে।”

এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার বলেন, “ল’ ফেস্ট সিজন-৩ সফলভাবে আয়োজনের জন্য আমি শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের অভিনন্দন জানাই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইন পেশার জন্য প্রস্তুত হতে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।”

অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং এম. এ. কাশেম উপস্থিত ছিলেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ বলেন, “আইন পেশার মূল লক্ষ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা। শিক্ষার্থীদের এমন আইনচিন্তক হিসেবে গড়ে উঠতে হবে, যারা দায়িত্বশীলভাবে আইনের প্রয়োগ করতে সক্ষম হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করার জন্য এনএসইউএলএমএস প্রশংসার দাবিদার।”

এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম বলেন, “আইন পেশা মূলত মানুষ ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। পেশাগত সাফল্যের পাশাপাশি ভালো চরিত্র ও মূল্যবোধ ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, “প্রায় চার মাসের পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে এনএসইউএলএমএসের সদস্যরা এই আয়োজন সম্পন্ন করেছেন। খেলাধুলার প্রতিযোগিতা, আইনি নাটক, লিগ্যাল সাইফার, একাডেমিক কার্যক্রম, গবেষণা উপস্থাপনা ও ক্যারিয়ার মেলাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ল’ ফেস্টে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে।”

তিনি বলেন, “‘Setting Precedent’ বা ‘নজির তৈরি’ হলো এনএসইউএলএমএসের মূলমন্ত্র। ব্যবহারিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরতে লিগ্যাল সাইফারে হাইকোর্টের একজন বিচারকও অংশ নিয়েছেন। ক্যারিয়ার মেলায় বিভিন্ন আইনজীবী চেম্বারে শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি আইনজীবীদের সঙ্গে কথা বলার এবং আইন পেশা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পেয়েছেন।”

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “২০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্র করে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও শেখার সুযোগ তৈরি করেছে। ল’ ফেস্ট সিজন-৩ সফলভাবে আয়োজনের জন্য আমি এনএসইউএলএমএস, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “মুট আদালত, আইনি নাটক, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এসব কার্যক্রম শিক্ষার্থীদের আইন পেশার বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। শিক্ষার্থীদের নিয়মিত শেখা, প্রশ্ন করা এবং সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকার চর্চা অব্যাহত রাখতে হবে। পেশাগত সাফল্যের জন্য শুধু জ্ঞান ও দক্ষতা যথেষ্ট নয়। সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ আইন পেশার মূল ভিত্তি হওয়া উচিত।”

ল’ ফেস্ট সিজন-৩-এ গবেষণা, আইনি যুক্তি উপস্থাপন, ব্যবহারিক দক্ষতা, বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা, সৃজনশীলতা, পেশাগত প্রস্তুতি ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় আইনি নাটক প্রতিযোগিতা, জাতীয় আইনি কুইজ প্রতিযোগিতা ও লিগ্যাল সাইফার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

এনএসইউএলএমএসের ফ্যাকাল্টি উপদেষ্টা ও আইন বিভাগের সিনিয়র লেকচারার নাসমিন জাবিন নূর, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের কয়েক মাসের প্রচেষ্টায় আয়োজনটি সম্পন্ন হয়।

ল’ ফেস্ট সিজন-৩ সফলভাবে আয়োজনের জন্য ট্রাস্টি বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, বিচারক, আইনজীবী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনএসইউএলএমএস।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.