× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি ছাত্রলীগ সভাপতির

আফসানা ফিহা, রাবি প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ১৩:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে ফোনকল করে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। পরে খোঁজ নিয়ে প্রধান ফটকে বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, ‍"মেইন গেটের দায়িত্বে থাকা পুলিশ ফোন দিয়ে জানায়, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোনকল দিয়ে বলেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।"

তিনি আরও বলেন "শিক্ষার্থীদের আমি বলবো যে এইটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোন কারণ নাই, তোমরা আশ্বস্ত থাকো। আমরা তাদের সঙ্গে আছি এবং আমরা কোনো রকম নৈরাজ্য যেই করুক তাদেরকে কোন রকম সুযোগ দিবো না।" 

এ বিষয়ে কাজলা ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন,"বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আরেকটি ককটেল অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এলে সেটি উদ্ধার করা হবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.