× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই সম্মিলন ১৯-২০ ডিসেম্বর

আফসানা ফিহা, রাবি

১৯ নভেম্বর ২০২৬, ১৪:২৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’। দুই দিনব্যাপী এ সম্মিলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সম্মিলনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসাইন। এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শফিকুর রহমানসহ বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সম্মিলনের আয়োজন করছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মিলনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা, অর্জন ও পেশাগত দক্ষতা বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি একটি সুসংগঠিত ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে উঠবে।

সম্মিলনে বিভাগের বিএ (অনার্স), এমএ, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে অংশ নিতে পারবেন। এ ছাড়া বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে এমএ শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্যও নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মিলনে অংশগ্রহণের জন্য সাধারণ সদস্যদের নিবন্ধন ফি ৩ হাজার টাকা, নতুন আজীবন সদস্যদের ৭ হাজার ৫০০ টাকা, পুরোনো আজীবন সদস্যদের ২ হাজার ৫০০ টাকা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের প্রত্যেকের নিবন্ধন ফি ১ হাজার ৫০০ টাকা। ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন সদস্য ও সাধারণ জীবন সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্ধারিত নিবন্ধন ফি বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যাংক হিসাবে জমা দিয়ে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে। নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬।

সম্মিলন সফল করতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.