জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দেশজুড়ে চলমান উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে রবিবার (৪ আগস্ট) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘”সন্ত্রাস থামান” ক্যাপশন লিখে সেনাবাহিনীকে অনুরোধ করে একটি স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসটিতে ফারুকী লেখেন, “‘বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ান! তা সে যে পক্ষেরই হোক। যার যে মত, সে সেই মত প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শটগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে?”
গতকাল শহীদ মিনারে সংঘটিত জমায়েতের কথা নিয়ে নির্মাতা লেখেন, “কালকে লাখ লাখ লোক সমাবেশ করলো, দেশাত্ববোধক গান গাইলো, আমরা তো তাদের কারো হাতে পিস্তল দুরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজকে কেনো এই সন্ত্রাস? কেনো ৪২টা (তখন পর্যন্ত হিসেব) লাশ পড়লো?”
ফারুকী আরও লেখেন, “যারা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এরকম সাহসী বানিয়ে দিবেন না, যে সে ঘুরে দাঁড়ায়। তখন যে অগ্নুৎপাত হবে, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান।“