× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভেঙে দেয়া হয়েছে ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২৪, ১৩:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলা চলচিত্র ইতিহাসের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীতে অবস্থিত পৈতৃক বাড়িটি  সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে।  নগরীর ঘোড়ামারার মিয়াপাড়া এলাকার এই বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যসহ ও রাজশাহীর সাংস্কৃতিক কর্মীরা। তারা জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

ভেঙে ফেলা বাড়িটির এক পাশ দখল করে গড়ে তোলা হয়েছে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। জানা গেছে কলেজ কর্তৃপক্ষ থেকে বাড়িটি আগেই ভেঙে ফেলার চেষ্টা করা হয়। জানা গেছে, বাড়ির পুরো ৩৪ শতাংশ জমি ১৯৮৯ সালে এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। কলেজটি বাড়ি ঘেঁষেই পশ্চিম পাশে রয়েছে। ২০১৯ সালে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছিল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তখন রাজশাহীসহ সারা দেশে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। এরপরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন। কিন্তু এতদিন পরেও ঠাঁয় দাঁড়িয়ে থাকা বাড়িটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনার জন্য রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে দায়ী করছেন অনেকেই। বর্তমানে বাড়িটিতে যে কয়টি ঘর অবশিষ্ট ছিল, সেগুলোর প্রতিটি ঘর ভেঙে ইটগুলো বাড়ির আঙিনায় স্তূপ করে রেখে দেওয়া হয়েছে।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সংগঠক অনাবা কবির প্রকৃতি ও ওয়েব সিরিজ নির্মাতা তাওকীর শাইক বলেন, পাশেই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। সেখানে কোনো হামলা হলো না, অথচ ঋতিক ঘটকের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হলো, এটা কখনোই বিশ্বাসযোগ্য না।

তারা বলেন, বাাড়িটি বাঁচানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। ডিসি অফিস থেকে স্টে অর্ডার ছিল যে এটাতে কিছু করা যাবে না, ভাঙা যাবে না। তারপরেও ভাঙা হয়েছে বাড়িটি।

রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি যে প্রতিবেদন দেবে আমি সেটা মেনে নেব।

ঠিকাদার শামীম মিয়া বলেন, আমরা এসে দেখি বাড়িটির এক পাশ ভাঙা। সেগুলো সরাতে গিয়ে দুর্বল ভবন হওয়ায় ভেতরের কক্ষগুলোও ভেঙে পড়েছে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.