আজ (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে দুটি সিনেমা মুক্তি পায়। সিনেমা দুটি হচ্ছে নির্মাতা রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ও সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক'। কিন্তু পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। এমন সময়ে সিনেমা মুক্তি দিয়ে অদ্ভুত অবস্থায় পড়েছেন দুই নির্মাতা।
সিনেমা মুক্তির ব্যাপারে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিত বলেন, ‘আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনোরকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই।’
সিনেমার ভবিষ্যৎও তিনি দর্শকের ওপরেই ছেড়ে দিয়ে আরও বললেন, "দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার সিনেমা না দেখেন, আমার কোনো আপত্তি নেই। আমি সিনেমা মুক্তি পেছানো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি অত্যন্ত অসহায়ভাবেই আমাকে জানিয়েছেন, তার বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ, সিনেমাটি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না।"
সবশেষ সৃজিত আরও বলেন, "সবটাই দুর্ভাগ্যজনক। সিনেমাটি এই সময়ে মুক্তি পাচ্ছে। কিন্তু, এটা আমাদের কারও হাতেই নেই।"
সৃজিতের এই সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু দেশে আন্দোলনের জেরে কলকাতায় সিনেমার প্রচারে যেতে পারেনি তিনি।
এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘বাবলি’। সিনেমাটি শুধু কলকাতায় মুক্তি পেয়েছে। তবে এর ভবিষ্যতও পড়েছে অনিশ্চয়তায়। বুকমাই শোয়ের তথ্য মতে ভালোই হল পেয়েছে সিনেমাটি। তবে হলে দর্শক ফেরা নিয়ে রয়েছে আশঙ্কা। ‘বাবলি’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী ও আবির চ্যাটার্জি।