বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব আবারো বিতর্কের কেন্দ্রে। সিরিয়াস অভিনয় থেকে শুরু করে কমেডিসহ প্রতিটি জনরাতে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। তবে অভিনয়ে সফল হলেও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বারবার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রাজপাল যাদবকে এক সাংবাদিকের সঙ্গে অসংযত আচরণ করতে দেখা গেছে। ওই সাংবাদিক রাজপালকে দীপাবলির সময় বাজি পোড়ানো নিয়ে প্রশ্ন করলে অভিনেতা আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এদিকে, গোটা ঘটনাটি সাংবাদিক ফোনে রেকর্ড করে ফেলেন।
দীপাবলির আগের দিন রাজপাল যাদব সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি শব্দদূষণ ও বায়ুদূষণের বিষয় উল্লেখ করেন। এই পোস্টের কারণে নেটিজেনদের দ্বারা ট্রলিংয়ের শিকার হন তিনি। তাদের মন্তব্যে রাজপালের একটি পুরোনো আমিষ পদের বিজ্ঞাপন নিয়ে কটাক্ষ করা হয়। এরপর পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।
এটি প্রথমবার নয়, এর আগে টলিউডের অভিনেত্রী মেঘনা হালদারও রাজপালের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেন, রাজপাল তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন এবং পরে তিনি রাজপালের গালে সপাটে চড় মারেন। মেঘনার বক্তব্যে রাজপাল বলেন, "তিনি রসিকতা করছিলেন", যা নিয়ে প্রশ্ন উঠেছে।
এখনও পর্যন্ত রাজপাল যাদব এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। তার এই নীরবতা এবং বিতর্কের কারণে তার জনপ্রিয়তা ও কর্মজীবনে প্রভাব পড়তে পারে। রাজপালের কর্মকাণ্ডে ক্রমবর্ধমান বিতর্কের মাঝে তার ভবিষ্যৎ কী হবে, তা দেখার বিষয়।