‘মোয়ানা ২’ যে বক্স অফিস কাঁপাবে এটা আগে থেকেই জানা ছিল সবার। তবে তা যে অল্প সময়ের মধ্যে এতো বড় বিস্ফোরণ ঘটাবে তা কারো কল্পনাতেও ছিল না।
ডিজনি’র এই নতুন অ্যানিমেটেড সিনেমা ‘মোয়ানা ২’ বিশ্বজুড়ে মুক্তির পাঁচ দিনেই আয় করেছে ৩৮৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার কোটি টাকারও বেশি। এই আয়ের ১৬৫.৩ মিলিয়ন ডলার এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।
৩৮৬ মিলিয়ন ডলার আয়ের মাধ্যমেই‘মোয়ানা ২’ বছরের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। ৪৩৮ মিলিয়ন ডলার আয়ের মাধ্যমে প্রথম স্থানে রয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। উত্তর আমেরিকায় গত বুধবার (২৭ নভেম্বর) আমেরিকান এবং কানাডিয়ান জনপ্রিয় উৎসব থ্যাংকসগিভিংয়ের আগের দিন মুক্তি পেয়েছিল ২০১৬ সালে হিট হওয়া ‘মোয়ানা’ এর দ্বিতীয় সিক্যুয়েল।
আন্তর্জাতিকভাবে চীনের বাইরে সকল বাজারে বক্স অফিসে প্রথম স্থানে রয়েছে ‘মোয়ানা ২’। এটি সবচেয়ে বেশি আয় করেছে ফ্রান্স (১৮.৮ মিলিয়ন ডলার), যুক্তরাজ্য (১৫.৫ মিলিয়ন ডলার) এবং মেক্সিকো (১১.১ মিলিয়ন ডলার) থেকে।
ডান হালস্টেড এর পরিচালনায় নির্মিত হয়েছে ‘মোয়ানা ২’। এখানে ‘মোয়ানা’ সিনেমার পরবর্তী গল্প দেখানো হয়েছে। যেখানে মোয়ানা এবং তার বন্ধু মাওই নতুন অ্যাডভেঞ্চারে বের হয়।৷ তারা মহাসাগরের গভীরে লুকানো একটি দ্বীপ খুঁজে বের করে।
তারা সেখানে একটি পুরনো অভিশাপ ভেঙে দিতে যাত্রা করে। এই সিনেমায় বন্ধুত্ব, সাহস এবং প্রকৃতির প্রতি ভালোবাসার বার্তা বিশেষভাবে ফুটে উঠেছে।