× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বজুড়ে আলোচনায় সৌদির রেড সি চলচ্চিত্র উৎসব

Entertainment Desk Report

১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ এএম

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের তারকারা এখন জমায়েত হয়েছেন সৌদি আরবের জেদ্দায়। আল-বালাদ শহরের কালচার স্কয়ারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই জমকালো আয়োজনে অংশ নিচ্ছেন পশ্চিমা হলিউড-বলিউডের তারকা থেকে শুরু করে আরব বিশ্বের প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। লোহিত সাগরের তীরে যেন এক মোহনায় মিলিত হয়েছে বৈশ্বিক বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

৫ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ব চলচ্চিত্র উৎসবের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করতে সময় লাগে বহু বছর। তবে সৌদির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল মাত্র চার বছরের মধ্যে সেই ধারণা বদলে দিয়েছে। ২০২১ সালে যাত্রা শুরু করেই এটি আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে ব্যাপক পরিচিতি অর্জন করেছে।

উদ্বোধনী দিনের পর থেকেই উৎসবটি সরব তারকাদের উপস্থিতিতে। হলিউড থেকে অংশ নিয়েছেন উইল স্মিথ, সিনথিয়া এরিবো, স্পাইক লি, মিশেল ইয়ো, ভিন ডিজেল, এবং এমিলি ব্লান্টের মতো তারকারা। বলিউডের প্রতিনিধিত্ব করছেন আমির খান, কারিনা কাপুর এবং রণবির কাপুর।

কয়েকটি কারণে সৌদির এই উৎসবের সাফল্যের রহস্য হিসেবে উঠে আসে। প্রথমত, সৌদি সরকারের সংস্কারের ফলে দেশটির বিনোদন খাত নতুনভাবে উন্মোচিত হয়েছে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে রক্ষণশীল নীতির পরিবর্তন এনে দেশটি সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। প্রেক্ষাগৃহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশটি এখন বৈশ্বিক সিনেমা বাজারের গুরুত্বপূর্ণ একটি অংশ।

রেড সি চলচ্চিত্র উৎসবের অর্থায়ন করে রেড সি ফিল্ম ফেস্টিভাল ফাউন্ডেশন, যা সৌদি সরকারের সংস্কৃতিমন্ত্রী বদর বিন আবদুল্লাহ আল সৌদের উদ্যোগে গঠিত। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতাও যোগ হওয়ায় আয়োজনটি আড়ম্বরপূর্ণ। বিশ্ববিখ্যাত তারকাদের নিয়ে আসার জন্য বিপুল অর্থ ব্যয় করে উৎসব কর্তৃপক্ষ। দক্ষ প্রচারণা দলের মাধ্যমে এই আয়োজন বিশ্বজুড়ে অনলাইনে ব্যাপক সাড়া ফেলে।

উৎসবটির সিনেমা বাজার, ‘রেড সি সক’, আরব বিশ্বের সবচেয়ে বড় সিনেমা বাজারে পরিণত হয়েছে। এখানে বিশ্বখ্যাত নির্মাতা ও শিল্পীরা তাঁদের কাজ নিয়ে হাজির হন।

উল্লেখ্য, এবারের উৎসবে বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী হিসেবে মনোনীত হয়েছে মাকসুদ রহমান পরিচালিত ‘সাবা’। উৎসবে ছবির নির্মাতার সঙ্গে উপস্থিত রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.