জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
জানা যায়, পড়শী ও নিলয় পরস্পর প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় তারা দুজনে একই আসরে প্রতিযোগী ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন।
২০২৪ সালে নিলয়ের পরিবার বাংলাদেশে এসে কয়েক মাস ছিলেন। তখন পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।
পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তারা এখনই খবরটি প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত তাঁরা বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন। গতবছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।