ঢাকা
মহানগর নাট্যোৎসব “বন্ধ বা স্থগিত" করার
কোনো নির্দেশনা ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়নি, এমনটি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তারা জানিয়েছে,
এই উৎসব বন্ধ হওয়ার কারণ তাদের কাছে বোধগম্য নয়। আজ (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির
মিডিয়া ও পাবলিক রিলেশনস
ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে
ডিএমপি উল্লেখ করে, "ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি আমাদের নজরে এসেছে। তবে ডিএমপির পক্ষ থেকে নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করার
কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা সবসময় সৃজনশীল এবং শৈল্পিক কর্মকাণ্ডকে উৎসাহিত করি। নাট্যোৎসব কেন স্থগিত করা হয়েছে, তা আমাদের কাছে
বোধগম্য নয়। আমরা তৎপর রয়েছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।"
আগামীকাল
(১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে উৎসবটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে।
এদিকে,
ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান পুরো ঘটনা ব্যাখ্যা করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে
মহানগর নাট্য পর্ষদ জানায়, “ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা অনেক পরিশ্রম করে, গণ-অর্থায়নে উৎসবের
সব আয়োজন সম্পন্ন করার পর আমাদের জানানো
হয়, উৎসব বন্ধ করতে হবে। মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে
আরও জানানো হয়, “শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা মহিলা
সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এর পরেও আমরা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করি। সবার নিরাপত্তার কথা বিবেচনা করে, নাটকের স্বার্থে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন
করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।”