× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'নাট্যকর্মীদের একটা অংশই উৎসব বন্ধের জন্য আহ্বান জানায়'

বিনোদন ডেস্ক।

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’—এই প্রতিপাদ্য নিয়ে আজ (১৫ ফেব্রুয়ারি) শনিবার বিকেল ৫টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব শুরু হওয়ার কথা ছিল। তবে ‘একদল ব্যক্তির হুমকির মুখে’ নিরাপত্তা শঙ্কার কারণে এ উৎসব স্থগিত করতে বাধ্য হয়েছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান।

নাট্য উৎসব স্থগিত হওয়ার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে এবার কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, নাট্যকর্মীদের মধ্যে একটি অংশই উৎসব বন্ধের আহ্বান জানিয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে উপদেষ্টা ফারুকী তার পোস্টে বলেন, “নাট্য উৎসব বন্ধের খবরটা দেখে আমরা গতকাল সন্ধ্যা থেকেই খোঁজখবর নিতে শুরু করি। কারণ সরকার সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহিত করছে। গতকালও শিল্পকলায় তিনটি প্রদর্শনী হয়েছিল। আজকেও প্রাচ্যনাটের শো রয়েছে শিল্পকলায়। তাহলে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে? খোঁজ নিয়ে জানলাম, পুলিশ এমন কিছু বলেনি। বরং তারা নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানায়।"

ফারুকী তার পোস্টে আরও বলেন, “আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেল, নাট্যকর্মীদের মধ্যেই একটি অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছিল বেশ কিছুদিন ধরে। বিক্ষুব্ধ নাট্যকর্মীরা দাবি করছিলেন যে, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় বিবৃতি দিয়ে উসকানি দেওয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা বলছিলেন, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারিক প্রক্রিয়া চলার আগে কোনো পুনর্বাসন চলবে না। এর পরই মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.