দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন এবং ‘চান্দ সা রোশান চেহ্রাতে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তার অভিনয় দক্ষতায় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন।
ব্যক্তি জীবন নিয়ে সম্প্রতি জানা গেছে যে, তামান্না ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিং চলাকালীন বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দু'জনই তাদের সম্পর্ক স্বীকার করেছিলেন, তবে এখন তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না প্রেম এবং সম্পর্ক নিয়ে বলেন, “ভালোবাসায় কোনও শর্ত থাকা উচিত নয়। যদি শর্ত থাকে, তা হলে সেটা ভালোবাসা নয়। প্রেমে পড়ার সময় কাউকে নিয়ে কোনো প্রত্যাশা করা উচিত নয়। যদি প্রত্যাশা থাকে, তবে সেটি প্রেম নয়, ব্যবসা।”
তিনি আরও বলেন, “ভালোবাসা এবং আবেগ একই। তুমি তোমার পোষ্যকে ভালোবাসো, মা-বাবাকে ভালোবাসো, সঙ্গীকে ভালোবাসো। এটা হলো ভালোবাসা, যা বিভিন্নভাবে প্রকাশ করা হয়। আমি বুঝেছি, যদি কাউকে ভালোবাসি, তাহলে তাকে স্বাধীন থাকতে দিতে হবে। তুমি কাউকে তার মতামত চাপিয়ে দিয়ে ভালোবাসতে পারো না।”
তামান্না আরও বলেন, “আমরা আমাদের মা-বাবাকে মনের মতো করে বেছে নিতে পারি না, তবে আমরা ভালো বন্ধু এবং সঙ্গী খুঁজে পেতে পারি। তাই সঠিক মানুষটি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে কখনও এমন কিছু খেলা চলে, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু আজকের প্রজন্ম চেষ্টা করে এটি নিয়ন্ত্রণ করতে, এবং এ কারণেই সম্পর্ক ভেঙে যায়।”