ছবি: শাদাব শাহরুখ হাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পাস স্ট্যান্ডআপ কমেডি শো ‘হাসির আড্ডা’। গতকাল শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
প্রথমবারের মতো আয়োজিত এই শো-এর উদ্যোক্তা ছিলেন ভূতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অনিদ হাসান। আসন্ন ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী তিনি।
অনুষ্ঠানে মোট ৮ জন স্ট্যান্ডআপ কমেডি আর্টিস্ট পারফর্ম করেন। তারা হলেন—অনিক দে অন্তু, পৌষী রাজ্জাক, তাসদিদ আশরার, মাখজুম খান শাদীদ, নীলিমা রাফি, আশরাফুল হক ইমু, শারার শায়র ও সায়েদ রিদওয়ান হোসেন বিপ্রো।
তবে, এবারের শোতে সায়েদ রিদওয়ান হোসেন বিপ্রো এবং মাখজুম খান শাদীদ তাদের শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের মন জয় করে নেন। তারা শুধু কৌতুক দিয়েই হাসির আড্ডা মাতাননি, বরং তাদের পরিবেশনায় জুলাই ২০২৪-এর রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে আসন্ন ডাকসু নির্বাচন পর্যন্ত বিভিন্ন বিষয় উঠে আসে, যা দর্শকদের ভিন্নভাবে আকৃষ্ট করে।
শাদীদ এবং বিপ্রো তাদের অসাধারণ পরিবেশনার মাধ্যমে দর্শকের মাঝে এক নতুন আলোড়ন সৃষ্টি করেন। তাদের কৌতুকের মূল লক্ষ্য ছিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। জুলাই ২০২৪-এর অস্থিরতা থেকে শুরু করে আসন্ন ডাকসু নির্বাচন, সবকিছুই তাদের কৌতুকের বিষয় ছিল। বিশেষ করে ডাকসু নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আশিকুর রহমানের মতো প্রার্থীদের নিয়ে তাদের কৌতুক ছিল সময়োপযোগী এবং বুদ্ধিদীপ্ত। শাদীদ তার পরিবেশনায় বাল্যবিবাহের মতো সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কৌতুক উপস্থাপন করেন, যা দর্শকদের মাঝে গভীর প্রভাব ফেলে। তার পরিবেশনা ছিল তীক্ষ্ণ এবং চিন্তামূলক, যা হাস্যরসের আড়ালে সমাজের গুরুতর সমস্যাগুলোকে তুলে ধরেছে।
মূল পারফরম্যান্সের আগে ওপেন মাইকের আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরের ৮ জন শিক্ষার্থী র্যান্ডম বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রত্যেকে তিন মিনিট করে পারফর্ম করেন।
আয়োজক অনিদ হাসান বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডআপ কমেডি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।
অনিদ হাসান আরও বলেন, শুরুটা আমরা করেছি। পরিকল্পনা আছে ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার।
অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৫টা ৩০ মিনিটে এবং শেষ হয় রাত ৮টা ৫০ মিনিটে। প্রথমবারের মতো আয়োজিত এই শোতে পুরো অডিটোরিয়াম দর্শকে পূর্ণ ছিল, এমনকি অনেককে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
