× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করতে চান জাফরিন সাজ

বিনোদন ডেস্ক।

০৫ এপ্রিল ২০২৬, ২১:২৭ পিএম । আপডেটঃ ০৫ এপ্রিল ২০২৬, ২১:২৮ পিএম

শোবিজ অঙ্গনে প্রতিনিয়ত নতুন মুখের আগমন ঘটে। তবে সেই ভিড়ের মাঝেও কেউ কেউ স্বপ্ন, পরিশ্রম আর দৃঢ়তায় আলাদা করে নজর কাড়েন। তেমনই একজন উঠতি মডেল ও অভিনেত্রী জাফরিন সাজ। অভিনয়কে ভালোবেসে যাত্রা শুরু করা এই তরুণীর লক্ষ্য একটাই—নিজেকে একজন দক্ষ ও দর্শকপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা।

জাফরিন সাজের অভিনয়জীবনের শুরু ২০১৬ সালে, তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। সেই সময় পরিচালক জুয়েল ফারসী পরিচালিত ‘স্বপ্ন দেখে মন’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। তবে পড়ালেখার জন্য মাঝখানে প্রায় পাঁচ বছরের বিরতি নিতে হয় তাকে।



বিরতির পর নতুন উদ্যমে আবারও শোবিজে ফেরেন সাজ। এরপর ইউটিউব ও টেলিভিশন মাধ্যমে নিয়মিত কাজ করতে শুরু করেন। এপর্যন্ত তিনি সিঙ্গেল নাটক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৪০টি নাটক, ১টি ওভিসি এবং ৪টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পাশাপাশি এককভাবে দুটি নাটকেও দেখা গেছে তাকে। তার অভিনীত বেশ কয়েকটি নাটক দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই, এশিয়ান টিভি ও বিটিভিতে প্রচারিত হয়েছে, যা তার ক্যারিয়ারে নতুন গতি যোগ করেছে।

অভিনয় নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে জাফরিন সাজ বলেন, আমি চাই, আগামী পাঁচ বছর পর নিজেকে আরও অনেক উপরে দেখতে। আমি চাই, মানুষ আমাকে আমার কাজ দিয়ে চিনুক। এমন একটা জায়গায় যেতে চাই, যেখানে আমাকে দেখলেই মানুষ বলবে—‘ওই যে সাজ যাচ্ছে।’ শুধু পর্দায় উপস্থিত থাকলেই হবে না, আমি চাই আমার অভিনয় মানুষের মনে দাগ কাটুক। তিনি আরও বলেন, ভালো গল্প আর শক্তিশালী চরিত্রে কাজ করতে চাই। নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। আমি বিশ্বাস করি, পরিশ্রম আর ধৈর্য থাকলে একদিন অবশ্যই নিজের জায়গা তৈরি করা সম্ভব।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন জাফরিন সাজ। তিনি অংশ নিয়েছিলেন ‘মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস সিজন-৫’ প্রতিযোগিতায়। সেখানে প্রায় সাড়ে তিন’শ প্রতিযোগীর মধ্যে সেরা দশে জায়গা করে নেন তিনি। এই অর্জন তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
এই অভিজ্ঞতা নিয়ে সাজ বলেন, এটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি—কথা বলা, অভিনয়, এক্সপ্রেশন আর মুভমেন্ট। শুধু তাই নয়, নিজেকে কীভাবে আরও ভালোভাবে উপস্থাপন করতে হয়, সেটাও শিখেছি। আমি মনে করি, এই অভিজ্ঞতা আমার ভবিষ্যতের কাজগুলোতে অনেক সাহায্য করবে।

ব্যক্তিগত জীবনে কুমিল্লা তার গ্রামের বাড়ি হলেও, তার বেড়ে ওঠা ও পড়ালেখা পুরান ঢাকায়। সেখানকার সংস্কৃতি ও বাস্তব জীবনধারা তার চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলেছে।

অভিনয়ের এই পথচলায় নতুন সুখবরও রয়েছে তার ঝুলিতে। জাফরিন সাজ জানিয়েছেন, তিনি ইতোমধ্যে দুটি সিনেমায় সাইনিং করেছেন। সিনেমা দুটির নাম ‘স্বপ্ন দেখে মন’ ও ‘অন্তর মাঝি’। খুব শিগগিরই সিনেমাগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বড় পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে মুখিয়ে আছেন এই অভিনেত্রী।

নতুনদের উদ্দেশে নিজের অভিজ্ঞতা থেকে সাজ বলেন,আমি নিজেও একসময় নতুন ছিলাম। অনেক স্ট্রাগল করে এখানে আসতে হয়েছে। শুরুটা সহজ ছিল না। তবে কাজ করতে করতেই মানুষ শেখে। কেউ একদিনে পারফেক্ট হয় না।

তিনি আরও বলেন, যারা নতুন করে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাদের বলবো—অবশ্যই নাচ ও অভিনয় শিখে আসতে হবে। নিজেকে প্রস্তুত করা খুব জরুরি। ধৈর্য রাখতে হবে, শিখতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। সবাইকে আমার শুভকামনা থাকবে।

স্বপ্ন, সংগ্রাম আর নতুন করে পথচলার গল্পে জাফরিন সাজ এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে। অভিনয়ের জগতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে তার এই যাত্রা এখনই শুরু—আর সামনে অপেক্ষা করছে আরও বড় মঞ্চ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.