রাজবাড়ীর সাধারণ একটি পরিবারের সন্তান কনক মিম। ওই এলাকার শান্ত, সবুজে ঘেরা পরিবেশে জন্ম ও বেড়ে উঠেছেন তিনি। সেখানেই কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবনের প্রাথমিক অধ্যায়। পরবর্তীতে পড়াশোনার সুবাদে পরিবারের সঙ্গে ঢাকায় পাড়ি জমান। বর্তমানে তিনি আইন বিভাগের একজন ছাত্রী। মিডিয়া জগতের সঙ্গে আগে কোনো সম্পর্কই ছিল না কনকের। তার জীবন আবর্তিত হয়েছে পড়াশোনা ঘিরেই-গ্ল্যামার জগতের চাকচিক্য থেকে ছিল অনেক দূরে। তবে জীবনের মোড় ঘুরে যায় এক আকস্মিক মুহূর্তে।
একদিন তিনি দেখতে পান লাক্স সুপারস্টারের অডিশন-যা হাজারো তরুণীর স্বপ্নের একটি মঞ্চ। পরিবারের সঙ্গে আলোচনা করে সাহস করে সেই প্রতিযোগিতায় অংশ নেন কনক। এরপর শুরু হয় তার নতুন যাত্রা। হাজার হাজার প্রতিযোগির ভিড়ে নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সেরা দশে জায়গা করে নেন কনক মিম । যদিও চূড়ান্ত খেতাব জেতা হয়নি, তবুও এটি তাকে থামিয়ে রাখতে পারেনি। বরং এই অর্জনই তার জন্য হয়ে ওঠে বড় এক অনুপ্রেরণা।

সাধারণ পরিবার থেকে উঠে এসেও লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমেই কনকের জন্য গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রবেশের দরজা খুলে যায়। এখন তিনি নিজেকে প্রমাণ করতে চান কাজের মাধ্যমে। তার লক্ষ্য-পরিশ্রম, নিষ্ঠা আর প্রতিভা দিয়ে এই অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা। কনক মিমের ভাষায়, লাক্স সুপারস্টার তার জীবনে শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল তার মিডিয়া জার্নির প্রথম অধ্যায়-যেখান থেকে শুরু হয়েছে তার স্বপ্নপূরণের পথচলা। নিজ প্রতিভাগুণে অধ্যাবসায়, নিষ্ঠা আর একাগ্রতার মাধ্যমে কনক এগিয়ে যাবেন তার অভিষ্ট লক্ষে। সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাংস্কৃতিক মিডিয়ায় তার চলার পথ মসৃণ ও সুন্দর হোক। তার জন্য শুভ কামনা।