× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মা হচ্ছেন সামান্থা!

বিনোদন ডেস্ক।

২১ জুন ২০২৬, ১৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত।

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কি তবে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন? সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমনটাই জোরালো গুঞ্জন শুরু হয়েছে। 

তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সামান্থার মা হতে যাওয়ার জল্পনা তুঙ্গে। তবে এই বিষয়ে সামান্থা কিংবা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরু—কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

মূলত ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদযাপনের একটি ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই এই আলোচনার সূত্রপাত। ভিডিওটিতে সামান্থাকে একটি সাদা টি-শার্ট এবং ডেনিম জিন্স পরিহিত অবস্থায় তার স্বামী, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর পাশে দেখা যায়। বেশ কয়েকজন নেটিজেন দাবি করেছেন, ভিডিওটিতে সামান্থার ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তাতেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি? 

যদিও এই বিষয়ে সামান্থা বা রাজের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন অনুসারে, তাদের এক ঘনিষ্ঠ সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ‘হ্যাঁ, খবরটি সত্যি। তারা দুজনেই জীবনের এই নতুন শুরুর জন্য অত্যন্ত আনন্দিত এবং খুব শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে সবাইকে এটি জানাবেন।’ 

এই গুঞ্জনের মাঝেই সামান্থার মাতৃত্ব নিয়ে করা আগের কিছু মন্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এর আগে টাইমস নাও-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করার সময় নিজের ব্যক্তিগত জীবনেও মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি।

সামান্থা জানিয়েছিলেন, মা হওয়ার আকাঙ্ক্ষা তার বহু বছরের। বয়স কখনো মা হওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় না খুব বেশি দেরি হয়ে গেছে। মা হওয়ার স্বপ্ন আমার এখনো আছে এবং অবশ্যই আমি মা হতে পছন্দ করব। আমি সবসময়ই মা হতে চেয়েছি; এটি অত্যন্ত সুন্দর একটি অভিজ্ঞতা। আমি এই সুন্দর সময়টার অপেক্ষায় আছি। মানুষ প্রায়শই বয়স নিয়ে চিন্তা করেন, কিন্তু আমার বিশ্বাস, জীবনে এমন কোনো নির্দিষ্ট সময় নেই যখন আপনি মা হতে পারবেন না।’ 

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের ১লা ডিসেম্বর পরিচালক জুটি রাজ ও ডিকে-র অন্যতম পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা রুথ প্রভু। পরবর্তীতে সামান্থা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে সব জল্পনার অবসান ঘটান।

রাজের সঙ্গে বিয়ের আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন সামান্থা। ২০১৭ সালে ভারতের গোয়াতে হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের প্রায় চার বছর পর, ২০২১ সালের অক্টোবরে তারা যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.