× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিল ইরান

বিনোদন ডেস্ক।

২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত।

ইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ। সম্প্রতি তেহরানের একটি বিশেষ আদালত (তেহরান রিভলিউশনারি কোর্ট) তাকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি পানাহির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে অন্য একটি মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন জাফর পানাহি। সেই সাজাও বহাল রয়েছে। ফলে সব মিলিয়ে তার বিরুদ্ধে শাস্তির মেয়াদ আরও বাড়ল। তবে নতুন মামলায় ঠিক কী অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছিল, তা এখনো প্রকাশ্যে আসেনি।

এ বিষয়ে জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, পরিচালকের অনুপস্থিতিতেই নতুন রায় ঘোষণা করেছেন আদালত। শুনানির আগে পানাহিকে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তিও পাঠানো হয়নি বলে দাবি এ নির্মাতার।

এ ছাড়া গত সপ্তাহে পরিচালকের সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে নতুন রায়ের কথা জানতে পারেন জাফর পানাহি ও তার আইনজীবী মোস্তফা নিলি।

আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে জাফর পানাহি অত্যন্ত পরিচিত নাম। ২০২৫ সালে তিনি বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতেছেন স্বর্ণপাম। কিন্তু তার কর্মজীবনের দীর্ঘ সময় জুড়েই রয়েছে আইনি বাধা ও নিষেধাজ্ঞার ঘটনা।  

এর আগে ২০১০ সালে তাকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ছবি তৈরি, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া এবং বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও ছবি তৈরি বন্ধ করেননি পরিচালক জাফর পানাহি।

আগামী দুই বছর সামাজিক মাধ্যমে কোনো কার্যকলাপ চালাতে পারবেন না তিনি। একই সময়ের জন্য বিদেশযাত্রার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নতুন রায়ের পরেই তাকে সংশোধনাগারে যেতে হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।  

নির্মাতার আইনজীবী বলেন, কারাদণ্ড কার্যকর করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে। এ ছাড়া পরিচালকের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয় জাফর পানাহিকে। প্রায় সাত মাস বন্দি থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। তার ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এও বন্দিদশা, মানসিক ক্ষত এবং প্রতিশোধের মতো বিষয় উঠে এসেছে। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি সম্মানিত হয়েছিল। তার পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমার প্রচারে তখন বিভিন্ন দেশে ঘুরছিলেন পরিচালক পানাহি। অস্কারের মনোনয়নও পায় সিনেমাটি। ২০২৬ সালের ৩০ মার্চ ইরানে ফেরেন এ নির্মাতা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.