× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

বিনোদন ডেস্ক।

১৮ নভেম্বর ২০২৬, ১৩:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিচ্ছেদ। কিন্তু শেষ পর্যন্ত সেই সাবেক প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে প্রেমের শুরু, বিচ্ছেদ এবং আবার এক হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন কীভাবে করোনাকালে তাদের সম্পর্ক নতুন মোড় নিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের গল্প বলতে গিয়ে কাজল আগরওয়াল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’ এক বন্ধুর বিয়েতে স্বামী গৌতমের সঙ্গে আলাপ হয়েছিল তার। সেই আলাপ থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা। প্রায় ১৩ বছর আগে তাদের প্রেমের সম্পর্কের শুরু। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। মাঝপথে বিচ্ছেদ হয়ে যায় দুজনের।

কিন্তু বিচ্ছেদের পরও বন্ধুত্বে ছেদ পড়েনি তাদের। দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। তবু কোথাও যেন একে অপরের প্রতি টান রয়ে গিয়েছিল।

কাজল বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তবে বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’

করোনাকাল তাদের সেই উপলব্ধিকে আরও জোরালো করে তোলে। সেই সময়ে গোটা পৃথিবী যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দুজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এবার আর সম্পর্ক নিয়ে কোনো অনিশ্চয়তা রাখতে চাননি এই দক্ষিণী তারকা। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন— বিয়ে করতে রাজি হলে তবেই নতুন করে সম্পর্ক শুরু হবে।

কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম— এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’

তিনি বলেন, ‘এত বছর ধরে একে অপরকে চেনার পর নতুন করে জানার কিছুই বাকি ছিল না। একে অপরের ভালোমন্দ, পছন্দ-অপছন্দ, জীবনের ওঠাপড়া— সবটাই আমাদের জানা।’ আর করোনাকালে পেশাগত ব্যস্ততা কিছুটা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনেও মন দেওয়ার সুযোগ পেয়েছিলেন বলে জানান তিনি।’

অভিনেত্রীর ভাষায়, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সবসময়ে কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। সেই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’

২০২০ সালের অক্টোবর মাসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন কাজল আগরওয়াল ও গৌতম। করোনাকালে বিধিনিষেধের কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.