ইন্দোনেশিয়ার
প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো সম্প্রতি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত
এক ভোজসভায় মন্তব্য করেছেন, তাঁর শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে। তিনি আরও বলেন, এটা সবাই
জানে— যখন আমি ভারতীয় গান শুনি, তখনই নাচতে শুরু করি।
ভারতীয় সংবাদমাধ্যম
হিন্দুস্তান টাইমস গতকাল (২৬ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
হিন্দুস্তান
টাইমস বলছে, গতকাল (২৬ জানুয়ারি) দিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত
এক কুচকাওয়াজে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো প্রধান অতিথি হিসেবে
আমন্ত্রণ পান।
এর আগে শনিবার
(২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দিল্লির রাষ্ট্রপতি ভবনে
প্রবোয়ো সুবিয়ান্তোর সম্মানেও একটি ভোজসভার আয়োজন করেন। সেই ভোজসভায় ইন্দোনেশিয়ার
প্রেসিডেন্ট ভারতীয় গান নিয়ে তাঁর অনুভূতির কথা শেয়ার করেন
সেই আয়োজনে
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “কয়েক সপ্তাহ আগে আমার জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট
এবং আমার ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং তারা আমাকে বলেছিল—
আমার (শরীরে) ভারতীয় ডিএনএ আছে। সবাই জানে আমি যখন ভারতীয় গান শুনি, আমি নাচতে শুরু
করি।”
এসময় উপস্থিত
সবাই হেসে ফেলেন।
প্রবোয়ো সুবিয়ান্তো
বলেন, “ভারত এবং ইন্দোনেশিয়ার একসঙ্গে সুদীর্ঘ এবং প্রাচীন ইতিহাস আছে। আমাদের দু’দেশের
সভ্যতার মধ্যেও যোগসূত্র রয়েছে। এমনকী এখনও আমাদের ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের
উৎস হলো সংস্কৃত। ইন্দোনেশিয়ার অনেক নামই আসলে সংস্কৃত নাম এবং আমাদের দৈনন্দিন জীবনে
প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত প্রবল। আমি মনে করি এটি আমাদের জেনেটিক্সের
অংশ। আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত বেশি।”