ইউক্রেনের
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কোনো
সিদ্ধান্ত তিনি কখনোই গ্রহণ করবেন না। এমনকি, দুই পরাশক্তির মধ্যে যদি কোনো চুক্তি হয় এবং তাতে ইউক্রেনকে বাদ দেওয়া হয়, তবে তিনি সেই চুক্তি প্রত্যাখ্যান করবেন।
গতকাল
(১৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে,
জেলেনস্কি বলেছেন, "ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ ছাড়া কেউ ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।" তিনি আরও বলেন, "আমি কখনোই কোনো সিদ্ধান্ত মেনে নেব না, যেখানে ইউক্রেনের বিষয়টি উপেক্ষিত হয়েছে। আমাদের জনগণ, বিশেষ করে আমাদের শিশুরা, এমন কিছু মেনে নেবে না। যুদ্ধের মধ্যে আমাদের জনগণের প্রাণহানি হচ্ছে।"
এছাড়া,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য চুক্তি নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে জেলেনস্কি বলেন, "বিশ্বের কোনো নেতা নেই যিনি ইউক্রেনকে বাদ দিয়ে পুতিনের সঙ্গে ইউক্রেনের বিষয়ে চুক্তি করতে পারেন।" তিনি ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন এবং দ্বিদলীয় ঐক্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে তিনি মনে করেন ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া এমন চুক্তি করা অসম্ভব।
জেলেনস্কি
বলেন, ইউক্রেনের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরিকল্পনা শেয়ার করতে তারা প্রস্তুত। তিনি আরও যোগ করেন, ইউরোপের সমর্থনও গুরুত্বপূর্ণ এবং আলোচনায় যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইউক্রেন এবং রাশিয়ার উপস্থিতি প্রয়োজন।
ন্যাটো
থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহারের প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, "যদি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যায়, তবে রাশিয়া ইউরোপে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তারা ছোট দেশগুলো দিয়ে শুরু করবে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নে থাকা দেশগুলো, এবং ইউরোপের বৃহত্তর অংশে তাদের প্রভাব বিস্তার করবে।"
তিনি
বলেন, "ইউরোপের প্রতিটি দেশ নিজেদের রক্ষা করবে, কিন্তু রাশিয়া তখন অনেক সুবিধা পাবে। তারা ইউরোপের ৩০ শতাংশ বা
৫০ শতাংশ অংশ নিতে পারে, এটির সম্ভাবনা থাকবে।"