যুক্তরাজ্যের
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্তব্য করেছেন , ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্রিটেন ও ইউরোপের সুরক্ষা
বজায় রাখতে প্রয়োজন হলে তিনি ইউক্রেনে সৈন্য পাঠাতে প্রস্তুত। ইউক্রেনে চলমান রাশিয়ান আক্রমণের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সুরক্ষা পরিস্থিতি ক্রমশ উদ্বেগের সৃষ্টি করেছে, এরই মাঝে এই মন্তব্য করলেন স্টারমার।
আজ
(১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
স্টারমার
রোববার ডেইলি টেলিগ্রাফে লিখেছেন,
যুক্তরাজ্য ইউক্রেনের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিচ্ছে এবং এর মধ্যে নিজস্ব
সৈন্যদের পাঠানোর ব্যাপারেও প্রস্তুত। তিনি বলেন, “প্রয়োজনে আমাদের সৈন্যদের মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অবদান রাখতে চাই এবং এটি আমাদের দায়িত্ব,” বলেন তিনি। এই সিদ্ধান্ত যে
কোনো পরিস্থিতিতেই যুদ্ধের খুঁটিনাটি বিবেচনা করে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন, তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ।
স্টারমার
বলেন, “আমি এই সিদ্ধান্ত হালকাভাবে
নিচ্ছি না, কারণ এটি ব্রিটিশ সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে ইউক্রেনের নিরাপত্তা আমাদের মহাদেশের এবং দেশটির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।” তিনি জানান, ইউক্রেনে মার্কিন প্রচেষ্টার সাথে সম্পর্কিত উদ্বেগের সমাধান করতে এবং যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সোমবার প্যারিসে শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি, আগামী দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎও হতে পারে।
স্টারমার
আরও বলেন, “মার্কিন সমর্থন আমাদের জন্য অপরিহার্য, কারণ তাদের নিরাপত্তা গ্যারান্টি ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আক্রমণ থেকে বিরত রাখতে সক্ষম।”
এদিকে,
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে দেশটির
পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ চলছে। রাশিয়ার বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া প্রদেশের কিছু অংশ দখল করে রেখেছে। এই যুদ্ধের ফলে
হাজার হাজার বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে এবং দেশটির বৃহত্তর অংশে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। যুদ্ধের এই দীর্ঘস্থায়ী পরিস্থিতি
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ব্যাপক ক্ষতি ও হতাহতের কারণ
হয়ে দাঁড়িয়েছে। তবে, কোনো পক্ষই তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করেনি, যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলি নিহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।