× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলেনস্কির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কিয়ার স্টারমার- ইউক্রেনের পাশে আছি

আন্তর্জাতিক ডেস্ক।

০২ মার্চ ২০২৫, ১৪:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এই বৈঠকে স্টারমার ইউক্রেনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানান।

স্টারমার বলেন, “আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি।” আজ (২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে, জেলেনস্কি বলেন, "আমি খুশি যে, আমাদের এমন বন্ধু আছে।" গত শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর জেলেনস্কি লন্ডনে পৌঁছান। সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাজ্য ও ইউক্রেন ২৮৪ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে। রাশিয়ার আটকে রাখা সম্পদগুলোর লাভের অর্থ দিয়ে এই ঋণ পরিশোধ করা হবে।

শনিবার, জেলেনস্কির গাড়িবহর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। স্টারমার প্রেসিডেন্ট জেলেনস্কিকে আলিঙ্গন করেন এবং ডাউনিং স্ট্রিটে প্রবেশের আগে তারা ছবি তোলেন। স্টারমার জেলেনস্কিকে বলেন, “আপনাকে এখানে, এই ডাউনিং স্ট্রিটে অনেক অনেক স্বাগতম। গোটা যুক্তরাজ্যজুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যতদিনই লাগুক, আমরা আপনার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে রয়েছি।”

জবাবে জেলেনস্কি বলেন, “(রাস্তায়) আমি অনেক লোককে দেখেছি এবং আমি আপনাকে এবং যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই (এই যুদ্ধের শুরু থেকেই) এত ব্যাপক সমর্থনের জন্য।”

রোববার, জেলেনস্কি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। স্টারমার ও জেলেনস্কি প্রায় ৭৫ মিনিটের মতো রুদ্ধদ্বার বৈঠক করেন এবং বৈঠক শেষে স্টারমার আবার তাকে আলিঙ্গন করেন।

এর আগে, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে একটি নজিরবিহীন বাগবিতণ্ডা ঘটে। পরবর্তীতে, জেলেনস্কি ট্রাম্পের সমর্থনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, "নিরাপত্তা নিশ্চয়তার প্রথম ধাপ হিসেবে" তিনি এখনও কোনো চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত।

এছাড়া, রোববার, জেলেনস্কি কিয়েভের ইউরোপীয় সমর্থকদের সঙ্গে একটি জরুরি আলোচনায় যোগ দেবেন, যেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও উপস্থিত থাকবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.