× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই ব্রিটিশ এমপি-কে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ এপ্রিল ২০২৫, ১৬:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েলি কর্তৃপক্ষ ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল সফরে যাওয়া আবতিসাম মোহামদ ও ইউয়ান ইয়াং নামের দুই নারী এমপিকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিয়েছে। তারা এবং তাদের দুই সহকারীকে জিজ্ঞাসাবাদ করার পর, ইসরায়েলি জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের প্রবেশের অনুমতি দেয়নি। খবরটি প্রকাশ করেছে বিবিসি ও টাইমস অব ইসরায়েল।

এই ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলি কর্তৃপক্ষকে সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি "অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং গভীরভাবে উদ্বেগজনক" পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন, "আমি ইসরায়েলি সরকারের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এই ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।"

এদিকে, ইসরায়েলি জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আবতিসাম মোহামদ ও ইউয়ান ইয়াংকে ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি কারণ তারা "ইসরায়েলবিরোধী ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর" উদ্দেশ্যে সেখানে এসেছিলেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে লুটন থেকে বিমানে করে বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান দুই এমপি। তাদের সঙ্গে ছিলেন দুই সহকারী। বিমানবন্দরে নিরাপত্তা জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন যে, তারা ব্রিটিশ পার্লামেন্টের একটি অফিশিয়াল প্রতিনিধিদলের অংশ হিসেবে ইসরায়েল সফরে এসেছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কোনো প্রতিনিধিদলের সফরের অনুমোদন তাদের কাছে ছিল না। 

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং "ইসরায়েলবিরোধী ঘৃণার" প্রচার। এর পরই ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আর্বেল চারজনেরই প্রবেশ বাতিল করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের সফরটি একটি সংসদীয় প্রতিনিধিদলের অংশ ছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আরও বলেন, "যুক্তরাজ্য সরকারের এখন মূল লক্ষ্য গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, রক্তপাত বন্ধে আলোচনা শুরু করা, জিম্মিদের মুক্তি এবং গাজায় চলমান সংঘাতের অবসান ঘটানো।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.