× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না- ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ এপ্রিল ২০২৫, ২০:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনও ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না— এমন ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা বন্ধে নেওয়া পদক্ষেপ অব্যাহত থাকবে।

বুধবার (১৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে কাৎজ বলেন, "ইসরায়েলের নীতি একেবারে স্পষ্ট—গাজায় কোনও ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা হামাসকে সহায়তাকে হাতিয়ার হিসেবে ব্যবহারে বাধা দিতেই এই পদক্ষেপ নিচ্ছি।"

ইসরায়েলি সামরিক বাহিনী গত ২ মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়। এরপর ১৮ মার্চ যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে নতুন করে সামরিক অভিযান শুরু করে। এতে করে অঞ্চলটিতে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

বুধবারও ইসরায়েলের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (MSF) জানিয়েছে, চলমান সামরিক অভিযান ও মানবিক সহায়তায় বাধাদানের ফলে গাজা এখন ফিলিস্তিনিদের জন্য যেন এক গণকবরে পরিণত হয়েছে।

সংস্থাটির সমন্বয়কারী আমান্ডে বাজেরোল বলেন, “গাজা এখন কেবল ফিলিস্তিনিদের জন্য নয়, যারা তাদের সহায়তায় এগিয়ে এসেছে তাদের জন্যও একটি গণকবর হয়ে উঠেছে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন, গাজায় হামাসের হাতে বন্দি থাকা ৫৮ জন জিম্মিকে মুক্ত করার একমাত্র উপায় হলো সামরিক চাপ অব্যাহত রাখা।

মানবিক সংস্থাগুলো বলছে, খাদ্য, পানি ও ওষুধের অভাবে গাজার বাসিন্দারা চরম সংকটে দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সত্ত্বেও ইসরায়েলের এই মানবিক সহায়তা বন্ধের নীতিতে পরিবর্তনের কোনও আভাস মিলছে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.