× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি বোমা হামলায় ফটো সাংবাদিক ফাতিমা হাসুনা, অন্তঃসত্ত্বা বোনসহ পরিবারের ১০ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

২০ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম

ছবিঃ সংগৃহীত।

গাজার তরুণ ফটোসাংবাদিক ফাতিমা হাসুনা জানতেন, মৃত্যু তার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। কারণ, টানা ১৮ মাস ধরে তিনি গাজায় চলমান যুদ্ধের ছবি তুলছিলেন। জানতেন, মৃত্যুর মুখোমুখি হতে হবে যে কোনো দিন। তবু তার একটাই চাওয়া ছিল—চুপচাপ যেন চলে যেতে না হয়। তিনি চাইতেন, তার মৃত্যুর কথা যেন সবাই জানে, তার প্রস্থানের শব্দ যেন পুরো পৃথিবী শুনতে পায়।

সোশ্যাল মিডিয়ায় ফাতিমা লিখেছিলেন, আমি যদি না–ফেরার দেশে চলে যাই, তাহলে চাই না কেউ কেবল সংখ্যার ভেতর আমাকে খুঁজে পাক। আমি পৃথিবীটা এমনভাবে ছেড়ে যাই, যেন আমার প্রস্থানে আলোড়ন ওঠে। চাই, আমার অস্তিত্বের ছাপ থেকে যাক সময়ের পাতায়; চাই, আমার গল্পটাও যেন থেকে যায় একটা ছবির মতো, যেটা কেউ ভুলে যাবে না।

তার এই ইচ্ছাই যেন বাস্তব হলো। যদিও বাস্তবতা ছিল নির্মম। কারণ—ইসরায়েলি বিমান হামলায় ফাতিমা এবং তার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন।

গত বুধবার, যখন তার বিয়ের মাত্র কয়েক দিন বাকি, ২৫ বছর বয়সী ফাতিমা গাজার উত্তরে নিজের বাসায় ইসরায়েলি বোমায় নিহত হন। তার সঙ্গে প্রাণ হারান তার গর্ভবতী বোনসহ পরিবারের আরও ১০ সদস্য।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এই হামলা ছিল হামাসের এক সদস্যকে লক্ষ্য করে—যিনি ইসরায়েলি সেনা ও সাধারণ মানুষের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন।

মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগে ঘোষণা আসে, ফাতিমার জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে।

ইরানি নির্মাতা সেপিদেহ ফারসির তৈরি সেই প্রামাণ্যচিত্রের শিরোনাম, ‘তোমার আত্মাকে নিজের হাতে তুলে নাও আর হাঁটো’। এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে ফাতিমা ও নির্মাতার কথোপকথনের মধ্য দিয়ে গাজার মানুষের প্রতিদিনের জীবন, কষ্ট আর লড়াইয়ের গল্প।

নির্মাতা ফারসি বললেন, ফাতিমা আমার চোখ হয়ে উঠেছিল গাজায়। ওর মধ্যেই আমি দেখতাম গাজার মানুষদের—ও ছিল প্রাণবন্ত, উজ্জ্বল। আমি ওর হাসি-কান্না, আশা-নিরাশা সবকিছু ধারণ করেছিলাম।

তিনি আরও বলেন, ফাতিমা ছিল এক আলোকবর্তিকা, যার ভেতর দিয়ে গাজার ব্যথা, বেদনা আর সাহস পৌঁছে যেত সারা পৃথিবীতে। এখন আমি হারিয়েছি আমার সেই চোখকে—ফাতিমা, যার মাধ্যমে আমি গাজাকে বুঝতাম।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যেও ফাতিমা হাসুনা ছিলেন এক অনন্য নাম—যিনি শুধু ক্যামেরার ফ্রেমে যুদ্ধের সত্য তুলে ধরেননি, নিজের জীবনকেও বানিয়েছেন এক চিরন্তন ছবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.