× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক।

২০ এপ্রিল ২০২৫, ১৪:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা সম্পন্ন হয়েছে। এই বৈঠকে ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিশদ আলোচনা হয়। আজ (২০ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

আলোচনায় দুই পক্ষ পরবর্তী পর্যায়ে আলোচনার বিষয়েও সম্মত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আগামী শনিবার, ২৬ এপ্রিল ওমানে অনুষ্ঠিত হবে তৃতীয় দফার বৈঠক।

রোমের আলোচনার বিষয়ে এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গতকাল শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে ‘অত্যন্ত ভালো অগ্রগতি’ হয়েছে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেন, দুই পক্ষ আগামী কয়েক দিন ‘পরোক্ষভাবে’ আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে।

তিনি আরও জানান, ইরানি কূটনীতিক আব্বাস আরাঘচি ও ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল চার ঘণ্টাব্যাপী এই পরোক্ষ আলোচনা চালান। বৈঠকটি অনুষ্ঠিত হয় ইতালিতে অবস্থিত ওমান দূতাবাসে। প্রতিনিধিদের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাইদি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, এই বৈঠক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া গেছে। বিশেষ করে, বিভিন্ন নীতি ও লক্ষ্য নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগের চেয়ে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে ইরান ও যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে পৌঁছেছিল। সেই চুক্তির আওতায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে ২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায়, ফলে আবারও উত্তেজনা তৈরি হয় দুই দেশের মধ্যে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.