× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান ও চীনের সাথে গঠনমূলক সম্পর্ক চায় আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক।

১২ মে ২০২৫, ১৫:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততার ভিত্তিতে চীন ও পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে। আজ (১২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কাবুলে আফগান অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজুদ্দিন হক্কানির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক ও চীনের বিশেষ দূত ইউ জিয়াওইং। বৈঠকে হক্কানি বলেন, ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমেই অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক, এমনকি আঞ্চলিক সমঝোতাও এগিয়ে নেওয়া সম্ভব।

প্রসঙ্গত, ২০১৭ সালে গঠিত এই ত্রিপক্ষীয় ফোরামের পূর্বের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছিল বেইজিং ও কাবুলে। সাম্প্রতিক এ বৈঠককে ফোরামের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসলামাবাদে অনুষ্ঠিত পঞ্চম ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফল পর্যালোচনা, আসন্ন ষষ্ঠ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা।

বৈঠকের অংশ হিসেবে চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে অটুট সমর্থনের প্রতিশ্রুতি দেন।

পরবর্তী বৈঠকে পাকিস্তান ও চীনের বিশেষ দূতরা আফগান বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গে বৈঠক করেন। সেখানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আজিজি বলেন, সুপ্রতিবেশী সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততাকে আমরা ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি হিসেবে গুরুত্ব দিচ্ছি।





সূত্রঃ ডন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.