× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সব বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক।

১২ মে ২০২৫, ১৭:০৬ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৫, ১৭:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নবনির্বাচিত ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ প্রথম রোববারে (১১ মে) বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিশ্বনেতাদের প্রতি শান্তি ছড়ানোর আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষের সামনে দেওয়া এই ভাষণে তিনি ইউক্রেন, গাজা এবং ভারত-পাকিস্তান সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। খবর বিবিসি'র।

পোপ বলেন, আমি বিশ্বের ক্ষমতাধরদের উদ্দেশে আবারও বলতে চাই—আর কোনো যুদ্ধ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়েছে ৮০ বছর আগে। অথচ আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের টুকরো টুকরো ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করছি।

ইউক্রেন প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমি প্রিয় ইউক্রেনীয় জনগণের যন্ত্রণা হৃদয়ে বহন করছি। খুব দ্রুত যেন একটি সত্যিকারের, খাঁটি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। বন্দিদের মুক্তি দেওয়া হোক, শিশুরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে।

গাজা উপত্যকার মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, আমি গাজার পরিস্থিতি দেখে গভীরভাবে মর্মাহত। অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর হোক, বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হোক এবং সকল জিম্মিকে মুক্তি দেওয়া হোক।

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আনন্দিত যে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছে। আশা করি আসন্ন আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শান্তিচুক্তি সম্ভব হবে।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দুই দিনের গোপন কনক্লেভ শেষে পোপ লিও চতুর্দশকে ক্যাথলিক চার্চের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। আগামী ১৮ মে, সেন্ট পিটার্স স্কয়ারে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হবে।

উল্লেখযোগ্যভাবে, তিন বছর আগে ‘রবার্ট প্রেভোস্ট’ নামে পরিচিত থাকা অবস্থায় পোপ লিও রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধ’ হিসেবে অভিহিত করে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছিলেন।





সূত্রঃ বিবিসি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.