× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম ও রংপুরও বিচ্ছিন্ন হতে পারে- আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ মে ২০২৫, ১৪:১৭ পিএম । আপডেটঃ ২৬ মে ২০২৫, ১৪:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের ভূখণ্ড ও মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ বা সংকীর্ণ করিডোর রয়েছে, যেগুলো ভারতের শিলিগুড়ি করিডোরের মতোই ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ।

সোমবার (২৬ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়, রোববার হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের উদ্দেশে ‘কড়া প্রতিক্রিয়া’ ব্যক্ত করেন। তিনি বলেন, যারা ভারতের ‘চিকেন নেক’ করিডোর নিয়ে বারবার মন্তব্য করেন, তাদের বুঝে রাখা উচিত যে বাংলাদেশও এমন ভৌগোলিক ঝুঁকির মধ্যে রয়েছে।

শর্মা তার পোস্টে বাংলাদেশের মানচিত্রসহ দুটি করিডোর চিহ্নিত করেন। প্রথমটি, যাকে তিনি ‘উত্তর বাংলাদেশ করিডোর’ হিসেবে উল্লেখ করেন, তা প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এবং ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত হয়ে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। শর্মার দাবি, এই করিডোর যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।

দ্বিতীয় করিডোরটি আরও ছোট, মাত্র ২৮ কিলোমিটার দীর্ঘ। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকা’র সঙ্গে সংযুক্ত করে রেখেছে। এই করিডোর নিয়েও শর্মা বলেন, এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রগুলোর সংযোগ রক্ষা করে। তার মতে, এই করিডোরে কোনো বিঘ্ন ঘটলে বাংলাদেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে।

হিমন্ত শর্মা নিজের মন্তব্যকে ‘ভৌগোলিক বাস্তবতা’র প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, “আমি শুধু বাস্তবতাকে তুলে ধরছি, যা অনেকেই ভুলে যেতে পারেন।”

ভারতের শিলিগুড়ি করিডোর, যেটিকে ‘চিকেন নেক’ নামে অভিহিত করা হয়, তা মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত এবং ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এর উত্তরে রয়েছে নেপাল ও ভুটান, আর দক্ষিণে বাংলাদেশ। এই করিডোরের গুরুত্ব উল্লেখ করে শর্মা বলেন, এটি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, ভারতের এই কৌশলগত দুর্বলতাকে কেন্দ্র করে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি সম্ভাব্য বিকল্প করিডোর তৈরির দিকেও নজর দেওয়া উচিত—যদিও তা প্রকৌশলগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং।





সূত্রঃ এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.