× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরাকে ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে পানির মজুদ

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ মে ২০২৫, ১৭:১২ পিএম

শুকিয়ে গেছে ফোরাত নদী। ছবিঃ সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের দেশ ইরাক বর্তমানে এক ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। দেশটির পানি মজুদ বর্তমানে গত ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরাকের পানি সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ শামাল। তিনি জানান, গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ার সময় ইরাকের পানি মজুদের পরিমাণ কমপক্ষে ১৮ বিলিয়ন কিউবিক মিটার হওয়া প্রয়োজন ছিল, কিন্তু বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১০ বিলিয়ন কিউবিক মিটারে। গত বছর এই সময় পানি মজুদ ছিল এর দ্বিগুণ। তার ভাষায়, “গত ৮০ বছরে আমরা কখনও এত কম পানি মজুদ দেখিনি।”

এই সংকটের পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে। চলতি বছর বর্ষা মৌসুম ছিল অত্যন্ত শুষ্ক। এর পাশাপাশি, পাহাড়ি অঞ্চলে বরফ গলনের পরও পানির স্তরে আশানুরূপ উন্নতি হয়নি। ফোরাত ও দজলা নদীতে পানির প্রবাহ কমে যাওয়াও বড় একটি কারণ। জলবায়ু পরিবর্তন, খরা, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং বৃষ্টিপাত হ্রাস সব মিলিয়ে ইরাক এক ভয়াবহ জলসংকটের মুখে পড়েছে। জাতিসংঘ ইতোমধ্যে ইরাককে জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করেছে।

এই সংকটের আরেকটি বড় কারণ হচ্ছে প্রতিবেশী ইরান ও তুরস্কে নদীগুলোর ওপর নির্মিত বাঁধ। ঐতিহাসিক ফোরাত ও দজলা নদী হাজার বছর ধরে ইরাকের কৃষিকে সেচ সুবিধা দিয়ে এসেছে। কিন্তু এসব নদীতে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় কৃষি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে জমি অনাবাদি রেখে দিচ্ছেন। ফলে খরিফ মৌসুমে পানির সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কৃষিকাজে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

ইরাকের কৃষি কার্যক্রম মূলত পানি প্রাপ্যতার ওপর নির্ভরশীল। এ বছর কর্তৃপক্ষ প্রায় ১৫ লাখ ৭৫ হাজার ডুনাম (৩ লাখ ৭৫ হাজার হেক্টর) সবুজ এলাকা ও উৎপাদনশীল কৃষিভূমি সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে। অথচ গত বছর সরকার কৃষকদের ২৫ লাখ ডুনাম জমিতে ভুট্টা, ধান ও ফলমূল চাষের অনুমতি দিয়েছিল।

এদিকে, ফোরাত ও দজলা নদীর পানিবণ্টন নিয়ে ইরাক ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। তুরস্ক একাধিকবার বাগদাদকে পানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে। এই প্রেক্ষাপটে, ২০২৪ সালে ইরাক ও তুরস্কের মধ্যে একটি দশ বছরের ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য যৌথ বিনিয়োগের মাধ্যমে পানি ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো।




সূত্রঃ এএফপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.