× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিলেন ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ মে ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে দীর্ঘদিন ধরে শুধুমাত্র মুসলিমদের নামাজ ও অন্যান্য ইবাদতের অনুমতি রয়েছে। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম ও আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিলেও, এর ব্যবস্থাপনা থেকে সরে আসেনি জর্ডানের ওয়াকফ বোর্ড। এই ব্যবস্থার মাধ্যমে স্থিতাবস্থা বজায় রাখা হয়, যার অধীনে ইসরায়েলি নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ ছিল। এই চুক্তি ১৯৬৭ সাল থেকে আজও কার্যকর রয়েছে।

তবে সোমবার (২৬ মে) এই ঐতিহাসিক চুক্তির বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির ঘোষণা দেন যে, এখন থেকে ইহুদিরাও আল-আকসা মসজিদে সেজদা দেওয়া ও সব ধরনের প্রার্থনা করতে পারবে। 'জেরুজালেম দিবস' উপলক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে বহু ইহুদি আল-আকসা এলাকায় জড়ো হয়। এ সময় বেন গিভির নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং বলেন, “আজ ঈশ্বরকে ধন্যবাদ। টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা সম্ভব হয়েছে। আমরা ঈশ্বরকে এজন্য ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “আমরা এখানে গাজার বন্দিদের মুক্তি এবং আমাদের বিজয়ের জন্য প্রার্থনা করতে এসেছি।”

উল্লেখ্য, ইহুদিরা আল-আকসা মসজিদ চত্বরকে ‘টেম্পল মাউন্ট’ বলে অভিহিত করে থাকে, যা মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত স্পর্শকাতর ধর্মীয় স্থান। বেন গিভিরের এই ঘোষণা ও উপস্থিতিকে অনেকেই দখলদারিত্বমূলক এবং উসকানিমূলক হিসেবে দেখছেন।

বেন গিভিরের সঙ্গে একই রাজনৈতিক দলের নেতা ও ইসরায়েলি পার্লামেন্ট সদস্য জাভি সুক্কতও এদিন আল-আকসায় যান। সামাজিক মাধ্যমে তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে ইসরায়েলের পতাকা হাতে হাঁটতে দেখা যায়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “টেম্পল মাউন্ট এখন আমাদের হাতে।”

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইতিপূর্বে বেন গিভিরের কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ অসন্তোষ প্রকাশ করেছিল। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীও সতর্ক করে বলেছিল, আল-আকসা সংক্রান্ত এমন উসকানিমূলক পদক্ষেপ ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

 




সূত্রঃ টাইমস অব ইসরায়েল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.