× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩৩ বছর পর ২৭ মে কাবা শরিফে থাকবে না ছায়া!

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ মে ২০২৬, ১২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত।

আগামী মঙ্গলবার (২৭ মে), অর্থাৎ ৯ জিলহজ ১৪৪৭ হিজরি পবিত্র আরাফাতের দিনে মক্কার কাবা শরিফে এক বিরল জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে। ওই দিন দুপুরে সূর্য সরাসরি কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন বিরল সমাপতন প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই দিন স্থানীয় সময় দুপুরে সূর্য সম্পূর্ণ খাড়াভাবে মাথার ওপরে থাকবে। ফলে মক্কায় কাবা শরিফসহ কোনো বস্তুরই কোনো ছায়া দেখা যাবে না। ভৌগোলিক অবস্থানের কারণে বছরে সাধারণত দুইবার সূর্য কাবার ওপর সরাসরি অবস্থান করে। মক্কা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি (২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে) অবস্থিত হওয়ায় সূর্যের আপাত গতিপথের কারণে এমনটা হয়ে থাকে।

তবে এবারের ঘটনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি পবিত্র আরাফাতের দিনের সঙ্গে মিলে গেছে। কাবার ওপর সূর্যের সরাসরি অবস্থান এবং আরাফাতের দিন একই সময়ে পড়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৯৩ সালে। মূলত হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির মধ্যকার পার্থক্যের কারণেই এই বিরল সমাপতন ঘটে। চন্দ্র বছরের সঙ্গে সৌর বছরের তারিখের এই পুনঃমিলন ঘটতে প্রায় ৩৩ বছর সময় লাগে।

এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক প্রক্রিয়া। এর সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কোনো সরাসরি সম্পর্ক নেই।

সৌদি সংবাদমাধ্যম 'আজেল'-এর বরাতে আবহাওয়া কেন্দ্র আরও জানায়, কোনো স্থানের আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না; বরং আর্দ্রতা, মেঘের উপস্থিতি এবং বাতাসের গতির মতো বিভিন্ন উপাদানের ভূমিকা থাকে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেন, এ ঘটনাকে ঘিরে রেকর্ড গরম পড়ার যে দাবি করা হচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

তথ্যসূত্র: গালফ নিউজ


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.