ছবি: সংগৃহীত।
তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের চারটি অঞ্চলের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকায় শিলাবৃষ্টি, শক্তিশালী দমকা হাওয়া এবং ধূলিঝড়েরও আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কয়েকটি উপকূলীয় এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
রোববার (১৮ অক্টোবর) এনসিএমের প্রকাশিত আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টি ও শক্তিশালী দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব প্রতিকূল আবহাওয়ার কারণে কোথাও কোথাও ধূলিঝড় ও বালুঝড় সৃষ্টি হতে পারে।
এনসিএমের পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, জিজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে সড়কে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, যা যান চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।
যেসব শহরে তাপমাত্রা বেশি থাকবে
প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন শহরে তুলনামূলক বেশি তাপমাত্রা থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। মক্কায় তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। রিয়াদ ও বুরাইদাহতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। হায়েলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
অন্যদিকে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে। আবহায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
আর্দ্রতা বাড়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাসে কয়েকটি অঞ্চলে বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার কথাও জানানো হয়েছে। আবহা, আল-বাহা ও জিজানে আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ পর্যন্ত থাকতে পারে।
এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হায়েলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার এই পরিস্থিতিতে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ধূলিঝড় ও কম দৃশ্যমানতার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
