× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

২২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে দেশটিতে মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া কয়েকটি দেশে মার্কিন কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার (২১ অক্টোবর) জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বার্তা সংস্থা এএফপিকে এক কূটনৈতিক সূত্র জানায়, সৌদি আরবে মার্কিন দূতাবাসের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সূত্রের দাবি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান, কাতার ও বাহরাইনেও মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট স্পষ্ট করেন, সৌদি আরবের ক্ষেত্রে এই নির্দেশ শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য।

তিনি বলেন, সৌদি আরবে হুথিদের হামলা, বিশেষ করে বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় চলতি মাসে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটিতে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে প্রাণঘাতী হামলার অন্যতম ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে চালানো ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহতদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। তবে ড্রোনটি কে বা কারা ছুড়েছিল, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্র ছিল ড্রোনটির লক্ষ্যবস্তু। এর আগে বুধবার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তারা ছয়টি ড্রোন প্রতিহত করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.