× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তাদের উত্থাপিত কোনো বিলে সই করবেন না; বরং ভেটো ক্ষমতা প্রয়োগ করে আটকে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা সিনেট কিংবা উভয় কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠতে পারেন বলেও মন্তব্য করেছেন।

মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দ্য নিউইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস চলে গেলে কীভাবে পরিস্থিতি সামলাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা, আমি মিস্টার ভেটো হয়ে উঠব। তাদের দেশটা ধ্বংস করতে দেব না।’

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের পাঠানো বিলগুলো তিনি প্রত্যাখ্যান করবেন। একপর্যায়ে ভেটো ক্ষমতা ব্যবহার করে তাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারেন।

তিনি বলেন, ‘তারা বিভিন্ন বিল পাঠাবে। আপনি তাতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস সব বিলে ভেটো দেওয়ার পর তারা বুঝবে, শুধু সময় নষ্ট হচ্ছে। তখন তারা আলোচনায় আসবে এবং আপনি সমঝোতায় পৌঁছাতে পারবেন।’

আইন পাসের জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার প্রয়োজন নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘একপর্যায়ে আমরা হয়তো সমঝোতায় পৌঁছাব। অতীতেও এমন হয়েছে। এটাই প্রথমবার ঘটবে না।’

তবে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। এতে তাকে এমন কৌশল নিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা জিতব বলেই মনে হচ্ছে, ভালো ফল করব। তবে যদি না জিতি, তাহলে আমি সবকিছুতেই ভেটো দেব। ভেটো, ভেটো আর ভেটো।’

দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত মাত্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন ট্রাম্প। আর প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ১০টি বিলে ভেটো দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার মাধ্যমে কংগ্রেসে পাস হওয়া কোনো বিল প্রত্যাখ্যান করা যায়। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য সমর্থন দিলে কংগ্রেস প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করে বিলটি আইনে পরিণত করতে পারে।

সাক্ষাৎকারে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘সুযোগ পেলে আবারও নির্বাচনে দাঁড়াতে আমার ভালো লাগবে। তবে সংবিধানের ভাষা এ বিষয়ে খুবই সুনির্দিষ্ট।’

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর কথা উল্লেখ করেন তিনি। এই সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের আরও তিনটি আসনে জয় প্রয়োজন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.