× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু

১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যুদ্ধবিরোধী পক্ষগুলো তাকে এই উদ্যোগ থেকে বিরত রাখার চেষ্টা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘নেতানিয়াহু ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন যুদ্ধ পুনরায় শুরুর তাগিদ দিতে। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা যুদ্ধ চায় না, তারা এর বিরোধিতা করার চেষ্টা করছে।’

ওই ব্যক্তি আরও বলেন, ‘আঞ্চলিক নেতারা ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।’

সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর দেওয়া বক্তব্যে উপসাগরীয় মিত্রদের এমন অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যরা বর্তমান অবস্থা বজায় রাখার পক্ষপাতী।’

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পরিবর্তে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে সামরিক অভিযান পুনরায় শুরুর জন্য নেতানিয়াহুর ধারাবাহিক তদবিরে আরব ও মুসলিম বিশ্বের নেতারা উদ্বিগ্ন।

তবে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করতে চান। যদিও এ বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর জন্য বর্তমানে কোনো বিশেষ চাপ বা উদ্যোগ চলছে না বলে দাবি করেছেন তিনি।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংঘাত অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান এখন মার্কিন আলোচকদের সঙ্গে বেশ নম্রভাবে কথা বলছে।

হোয়াইট হাউসে আকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’

সূত্র : টাইমস অব ইসরায়েল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.