ছবি: সংগৃহীত।
কম্পিউটার বা ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে কাজ করার পর চোখ জ্বালা করা বা ব্যথা হওয়া আজকাল প্রায় ঘরেরই চিত্র। একে অনেকেই কাজের ক্লান্তি ভেবে সহজভাবে উড়িয়ে দেন। তবে চিকিৎসকরা বলছেন, এই লক্ষণটিকে অবহেলা করা ঠিক নয়; এটি শরীরের একধরনের সতর্কবার্তা, যার অর্থ আপনার চোখ প্রয়োজনের চেয়ে অনেক বেশি চাপের মধ্যে রয়েছে।
ভারতের নয়ডার একটি বেসরকারি হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. গরিমা চৌধুরীর মতে, এই সমস্যা তৈরি হওয়ার পেছনে রয়েছে কয়েকটি সুনির্দিষ্ট কারণ।
কেন হয় এই সমস্যা?
চোখের পাতা কম ফেলা: ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে মগ্ন হয়ে কাজ করার সময় অনেকে ঠিকমতো চোখের পাতা ফেলতে ভুলে যান। চোখের পাতা যত কম পড়বে, চোখের স্বাভাবিক আর্দ্রতা তত শুকিয়ে যাবে। এই আর্দ্রতা চোখের সুরক্ষাবর্ম হিসেবে কাজ করে। ফলে চোখ শুষ্ক হয়ে শুরু হয় জ্বালা-পোড়া।
কাজের পরিবেশ: অফিসের অতিরিক্ত এসি, ঘরের অনুপযুক্ত আলো, স্ক্রিনের ওপর আলোর তীব্র প্রতিফলন এবং ভুল ভঙ্গিতে বসা এই কষ্ট আরও বাড়িয়ে দেয়।
ড্রাই আই সিন্ড্রোম: চোখে পর্যাপ্ত আর্দ্রতা তৈরি না হলে বা তা দ্রুত শুকিয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। শহুরে ধুলোবালি, দূষণ এবং সারাদিনে কম পানি খাওয়ার অভ্যাস এটিকে আরও বাড়িয়ে তোলে।
চোখ ভালো রাখতে প্রাথমিক কিছু করণীয়
চোখের আরাম নিশ্চিত করতে এবং এই সমস্যা থেকে বাঁচতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি-
২০-২০-২০ নিয়ম মানুন: একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। এতে চোখের পেশিগুলো বিশ্রামের সুযোগ পায়।
সচেতনভাবে পলক ফেলুন: কাজ করার সময় মাঝে মাঝেই সচেতনভাবে চোখের পাতা ফেলুন, যাতে চোখ শুষ্ক হয়ে যাওয়ার সুযোগ না পায়।
পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ঘাটতি দেখা দিলে চোখের স্বাভাবিক আর্দ্রতাও কমে যায়। তাই কাজের ফাঁকে নিয়ম করে পর্যাপ্ত পানি পান করুন।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
নিয়মিত চোখ জ্বালার পাশাপাশি যদি চোখ লাল হয়ে যায়, তীব্র ব্যথা হয় কিংবা দৃষ্টি ঝাপসা হয়ে আসার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক চোখ আর্দ্র রাখার বিশেষ ড্রপ বা কৃত্রিম চোখের জল ব্যবহারের পরামর্শ দিতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
