রোববার (০৪ আগস্ট), বিকেলে শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের খুলনা মহানগরীতে অবস্থিত শেরে বাংলা রোডের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা। শেখ হেলাল উদ্দিন সহ শেখ সালাহউদ্দীন জুয়েলের বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে । হেলাল উদ্দিন বাগেরহাট-১ ও সালাহউদ্দীন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা মহানগর আওয়ামীলীগ অফিসে হামলা চালায় আন্দলোনকারীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে আওয়ামী লীগের বেশ কিছু নেতা আহত হন। এরপর আন্দোলনকারীদের মিছিল মহানগরীর শেরে বাংলা রোডে আগায়। সেখানে তারা শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করলে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ করে। এসময় আন্দোলনকারীরা বাড়িতে ঢুকে ভবনটির প্রতিটি তলায় আগুন লাগিয়ে দেয়।
এই হামলার সময় তাদের বাড়ির সামনে কোন পুলিশ সদস্য বা নেতাকর্মী ছিলেন না।। বিকেল ৩টার কিছু আগে আগুন নিভে গেলে কিছু পুলিশ এবং এপিবিএনের সদস্যরা বাড়িতে আসে।
খুলনা মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক বাবুল রানা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহ জালাল সুজন ও জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কণিকা সাহা।