সারাদেশে চলমান চরম অস্থিতীশীল পরিস্থিতি নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সরকার। রোববার (০৪ আগস্ট), প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার (০৪ আগস্ট), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ও পুলিশও রয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।“
আজ রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে প্রধানমন্ত্রী এ বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন।