বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের জনসমাবেশ কর্মসূচি নিয়ে দিনভর উত্তাল ছিল ময়মনসিংহ নগরী। আজ রোববার (০৪ আগস্ট) সকাল ১১টা থেকে নগরীর টাউন হল ও আশেপাশের পুরো এলাকা ঘিরে রাখে এবং নাশকতা চালায় আন্দোলনকারীরা। এরপর মুক্তাগাছা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তারা।
আন্দোলনকারীদের একদল টাউনহল অডিটরিয়ামের পার্শ্ববর্তী বিভাগীয় কমিশনার ও ডিআইজি কার্যালয়ের নামফলক ভাংচুর করে। ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের বাসভবনেও ভাঙচুর চালানো হয়।
অপরদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিকেল ৩টা থেকে মিছিল নিয়ে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জড়ো হয়। মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাবতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।