দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের বেশ কিছু থানার কার্যক্রম শুরু হলেও আজ থেকে দেশের সর্বমোট ৬৩৯টি থানার সবগুলো অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্যও জানানো হয়।
এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার সবগুলো এবং জেলার ৫২৯টি থানার সবগুলোর কার্যক্রম শুরু হয়েছে।
এ ছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
দেশব্যাপী আপামর ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। থানা, ট্রাফিক স্থাপনায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে। সর্বশেষ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ৪২ জন পুলিশ সদস্য নিহত হন। ছাত্র-জনতার নিহতের সংখ্যা চার শতাধিক।
সরকার পতনের পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ছাত্র-জনতার রোষের মধ্যে ডিএমপিসহ পুলিশের অধিকাংশ সুবিধাবাদী ও সরকার বা আওয়ামী ঘেঁষা কর্মকর্তারা আত্মগোপনে চলে যান, কেউ কেউ এখনও আছেন নজরদারিতে। এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে পুনর্গঠন ও সংস্কার করার কথা বলা হচ্ছে সর্বমহলে।
এর মধ্যে পুলিশে ব্যাপক রদবদলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে উদ্যোগ নেন নতুন আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা।