ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত সমালোচিত সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের গাড়ির খোঁজ পাওয়া গেছে রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড' আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রায় ২ ঘণ্টার অভিযানে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও গাড়িটির মালিককে পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে চলে যান অভিযানে থাকা সেনা সদস্যরা।
আজ (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে লেকসিটি কনকর্ডের বর্ণালী ভবনের নিচের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যান তারা।
শেখ হাসিনার দেশত্যাগের পরই তার সরকারের মেয়াদে দাপুটে হিসেবে পরিচিত পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। এরপর থেকে একরকম লাপাত্তা এ কর্মকর্তা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশের প্রভাবশালীদের সঙ্গে একাধিক মামলায় আসামি করা হয়েছে হারুনকেও। তবে এখন তিনি কোথায় তা এখনও কেউ জানেনা।
এর মধ্যে আজ অজ্ঞাত সূত্র সেনাবাহিনীকে খবর দেন খিলক্ষেত লেকসিটি কনকর্ডের বর্ণালী ভবনের নিচে হারুনের একটি গাড়ি রাখা আছে। খবর পেয়ে সেখানে অভিযানে যান সেনাবাহিনীর সদস্যরা।
সেনা সদস্যরা প্রায় ২ ঘন্টার অভিযানে ওই ভবনের নিচে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পান। ভবনের বাসিন্দাদের জিজ্ঞেস করলে তারা জানান গাড়িটি তাদের নয়। পরে সেনা সদস্যরা দুপুর ২টার দিকে গাড়িটি নিয়ে চলে যান।
বর্ণালী ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মো. মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, কেউ খবর দিয়েছে এখানে ডিবি হারুনের গাড়ি রাখা আছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাস পান। পরে তাদের লোকজনই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান।
এসময় সেনা সদস্যরা গ্যারেজের একজনকে গাড়ির সঙ্গে নিয়ে গেছেন দাবি করে তিনি বলেন, শুনেছি গাড়িটি ৮-১০ দিন আগে কেউ এনে গ্যারেজে রেখেছে। কিন্তু গাড়িটি নিজের বলে ভবনের কেউ দাবি করেনি।
গাড়ির মালিক পাওয়া না গেলে চালিয়ে নেওয়ার জন্য চাবি কোথায় পেল– জানতে চাইলে এ বিষয়ে কিছু না বলে মোশারফ জানান, অভিযানে সেনা সদস্যরা ভবনের নিচে গাড়ির গ্যারেজেই ছিলেন, উপরে কোনো বাসায় তল্লাশি করেননি।
এদিকে, অভিযানে গাড়ি জব্দ ও কাউকে আটকের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।