সারাদেশে তীব্র গরমের মধ্যে মানুষের ভোগান্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে অতিমাত্রায় লোডশেডিং। বিদ্যুৎকেন্দ্র চালানোর মত পর্যাপ্ত জ্বালানি না থাকায় চাহিদার তুলনায় বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে । এই ঘাটতি নিরসনে লোডশেডিং করতে হচ্ছে। গত দুই-তিন দিন যাবত এই লোডশেডিংয়ের মাত্রা তীব্র আকার ধারণ করেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি টার্মিনাল (সামিটের মালিকানাধীন) তিন মাস ধরে বন্ধ। এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ কমেছে ৫০০ মেগাওয়াট। এছাড়া বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎকেন্দ্র গুলো থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না। তাদের কাছেও টাকা বাকি আছে।
ঢাকায় আজ (১০ সেপ্টেম্বর) বিভিন্ন জায়গায় সকাল থেকে চার-পাঁচ বার কোথাও কোথাও এর থেকেও বেশিবার লোডশেডিং হয়েছে। নগরীর মোহাম্মদপুরবাসী এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী আফিয়া ইবনাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন গতকাল (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ঘন্টা পরপর প্রায় সারারাত ধরে লোডশেডিং হয়েছে। একই অভিযোগ কলাবাগান নিবাসী আরেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র নাফি নূরের। সারারাত তীব্র গরম ও লোডশেডিংয়ে ঘুমাতে পারেননি বলে জানিয়েছেন তিনি। মিরপুরবাসী এক চাকুরীজীবি রাকিব আহমেদ জানান দুপুর দুইটায় অফিসে আসার আগেই সকাল থেকে তিনবার লোডশেডিং হয়েছে। রাজধানীর আরও কয়েক জায়গায় খোঁজ নিয়ে একই চিত্রের দেখা মিলেছে।
ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এ দুটি সংস্থার দায়িত্বশীল সূত্র বলছে, গতকাল (৯ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে ডিপিডিসি ১০০ মেগাওয়াট লোডশেডিং করেছে। আর সন্ধ্যায় ১০০ মেগাওয়াট লোডশেডিং করেছে ডেসকো। এর বাইরেও দিনের বিভিন্ন সময় কিছু এলাকায় বিদ্যুৎ–বিভ্রাটের খোঁজ পাওয়া গেছে।
পিডিবির সদস্য (উৎপাদন) খন্দকার মোকাম্মেল হোসেন গণমাধ্যমকে বলেন, গ্যাসের সরবরাহ কম, বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। বকেয়া পরিশোধে ব্যবস্থা নিয়েছে সরকার। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।