মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেছেন, জাতীয় সম্পদ ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হব। প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এসময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন কয়েক গুন বেড়ে যাবে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে মৎস অধিদপ্তরে আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। আপনারা দয়া করে এ কদিন ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। তাহলেই আমাদের ইলিশ উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে।
উপদেষ্টা বলেন, ইলিশের উৎপাদনে আমাদের দেশে কোন ঘাটতি নেই। কিন্তু দাম বেশী হওয়ায় দেশের সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারে না। ইলিশের দাম কিভাবে নিয়ন্ত্রনে রাখা যায় আমরা সে লক্ষে কাজ করে যাবো।
শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, মৎস গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।