× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিম সিন্ডিকেট

সাড়ে ৭-এ আমদানী সাড়ে ১২-তে বিক্রি!

ডিমে গলদ কোথায়?

কামাল সিদ্দিকী বাবু

২১ অক্টোবর ২০২৪, ১৯:৩৬ পিএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২৪, ১৯:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

আমদানি করা ডিমের দাম কত এমন প্রশ্নটি উঠলেও তার সুষ্ঠু সমাধান দিতে বিগত সরকার এগিয়ে আসেনি। পটপরিবর্তনের পর অনেক কিছুই বদলেগেছে।  সত্যনিষ্ঠ বর্তমান সরকার সবকিছুই স্বচ্ছতার ভিত্তিতে করতে চান। তাইতো জানা গেছে আমদানিকৃত ডিমের প্রকৃত মূল্য। ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে পাঁচ টাকা ৭০ পয়সা দরে। শুল্ক পরিশোধ করতে হচ্ছে এক টাকা ৮৩ পয়সা (অন্যান্য খরচসহ)। মোট দাম ৭ টাকা ৫৩ পয়সা। অথচ সেই ডিম কিনতে হচ্ছে প্রতিপিচ ১২ টাকা পঞ্চাশ পয়সা দরে।

গত কয়েকদিন আগের খবর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাড়ে ৭ টাকা দরের আরও দুই লাখ ৩১ হাজার ৮৪০টি মুরগির ডিম আমদানি করা হয়েছে। গত ১৯ অক্টোবর শনিবার রাতে এসব ডিম বেনাপোল বন্দরে প্রবেশ করে বলে  জানান,স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির।

তিনি বলেন, ভারত থেকে আমদানি করা মুরগীর ডিমের এটি পঞ্চম চালান। গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত এসব চালানে মোট ৯ লাখ ৮৯ হাজার ৩১০টি ডিম আমদানি করা হয়েছে। আগামী মাসের মধ্যে সরকারের প্রথম ঘোষণার ৫০ লাখ ডিমের আরও ৪০ লাখ ডিম আমদানি করা হবে বলে আশা করছি।ঘাটতি পূরণে সরকার আরও সাড়ে চার কোটি পিস মুরগীর ডিম আমদানির অনুমোদন দিয়েছে। সেগুলোও পর্যায়ক্রমে আমদানি করা হবে। তবে এই দামে যে সাধারণ মানুষ ুিডম পাবেন এমন নিশ্চয়তা নেই। কারণ, আমাদের দেশে সিন্ডিকেট সক্রিয়। তাদের ইচ্ছা অনিচ্ছার উপর বাজার নির্ভর করে। তাই তো ডিমের দাম  আকাশ ছোঁয়া।

যদিও এই ডিমগুলোর আমদানিকারক  হচ্ছে ঢাকার ‘হাইড্রোল্যান্ড সল্যুশন’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিনিধি শাহ আলম বলেন, ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে পাঁচ টাকা ৭০ পয়সা দরে। অথচ প্রতিটি ডিমের শুল্ক পরিশোধ করতে হচ্ছে এক টাকা ৮৩ পয়সা (অন্যান্য খরচসহ)। সব মিলিয়ে একটি ডিমের দাম পড়ছে সাড়ে সাত টাকার একটু বেশি।তিনি বলেন, ডিমের শুল্ক ৫০ পয়সার নিচে রাখলে বাজারে ডিমের দাম অনেক কমে যেত। তারা পেঁয়াজ ও আলুর মতো শুল্ক মওফুক করার জন্য সরকারকে চিঠি দিয়েছেন বলেও জানান ।শাহ আলম আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই মাসের মধ্যে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছিল। তবে ১০ সেপ্টেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগে মাত্র দুটি চালানে প্রায় তিন লাখ ডিম আমদানি করার সুযোগ হয়।রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। এ জন্য তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই মাসের সময় বাড়িয়েছে মন্ত্রণালয়। যেটি নভেম্বরে শেষ হবে। এদিকে ভারতের ডিমরপ্তানিকারক প্রতিষ্ঠানটি হচ্ছে কলকাতার শ্রী ল²ী এন্টারপ্রাইজ। আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ।

কেন ডিমের দাম এতোবেশি?

ডিমের দাম নিয়ে কথা হয় দেশের খুচরা ব্যবসায়ীদের সাথে। তারা ডিমের দাম নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেন। ব্যবসায়ীরা বলেন, দেশের বাজারে এই ডিম ঢুকতে আরও খরচ রয়েছে। প্রতিটি ডিম সাড়ে সাত টাকায় আমদানি হলেও পরিবহন, শ্রমিক, ওয়েস্টেজ (নষ্ট ডিম) বাবদ প্রতিটি ডিমে আরও অন্তত তিন টাকা খরচ হয়। ফলে আমদানি করা প্রতিটি ডিম ১০ টাকা ৬০ পয়সা থেকে ১০ টাকা ৭০ পয়সা দরে পাইকারি বিক্রি হয়।

বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, গত বছরের ৫ নভেম্বর আসে প্রথম চালান, ৯ সেপ্টেম্বর আসে দ্বিতীয় চালান এবং চলতি মাসের ৬, ৭ ও ১৯ তারিখে আসে ডিমের তিনটি চালান।এর আগে গত বছর ঢাকার বিডিএস কর্পোরেশন একই দামে ভারত থেকে ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি করেছিল বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।

তবে খামারিদের শঙ্কা, আমদানির কারণে দীর্ঘমেয়াদে ক্ষুদ্র উদ্যোক্তাদের খামার বন্ধ হয়ে বিপাকে পড়বে দেশ। তারা খাবার ও বাচ্চার দর স্থিতিশীল রাখার ওপর জোর দিচ্ছেন।

ডিমের দাম বাড়ল কেন?

উচ্চমূল্যের কারণে ডিম এখন দেশবাসীর আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। সেই সঙ্গে ডিমের পাইকারি দোকানে বেড়েছে ভিড়। ভারত থেকে ডিম এনে বাজার ঠান্ডা করতে সরকারের চেষ্টার মধ্যে যে প্রশ্নটি বড় হয়ে উঠেছে, সেটি হল দুই দেশে দামে এত পার্থক্য কেন? সেই পার্থক্যের একটি কারণ মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দামের পার্থক্য- এই তথ্য জানিয়ে পোলট্রি শিল্প মালিকদের সংগঠনের প্রশ্ন, এ বিষয়ে উদ্যোগ না নিয়ে আমদানি কেন? আমদানিতে দীর্ঘমেয়াদে হিতে বিপরীত হয়ে খামার বন্ধ হয়ে যাবে- এমন শঙ্কার কথাও বলছে তারা।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন-বিপিএর সভাপতি সুমন হাওলাদার বলেন, বর্তমানে দেশে লেয়ারের, অর্থাৎ ডিমের খামার রয়েছে ১৩ হাজার। আর গত দুই বছরে ছয় হাজারের মত খামার বন্ধ হয়েছে।আর আমদানি করার মানে হল ক্ষুদ্র খামার যা আছে, তাও বন্ধ করে দেওয়া। সরকার এটা করছে আমদানিকারক কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার জন্য। ডিমের দুটি চালান নিয়ে আসা আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ‘হাইড্রো ল্যান্ড সল্যুশন’ যে আমদানি মূল্যের দেখিয়েছে, তাতে কর পরিশোধের পরেও দাম পড়েছে সাড়ে সাত টাকা।

কিন্তু এই দরে দুটো চালানে ৪ লাখ ৬২ হাজার ডিমের প্রভাব দেশের বাজারে নগণ্য, উল্টো দাম বেড়েছে। এর মধ্যে সরকার এবার চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। অর্থাৎ আমদানির প্রভাব সাধারণ ভোক্তারা পাচ্ছে না, ঢাকার দুটি পাইকারি আড়তের বিক্রেতারাও বলছেন সে কথা।

সামনে শীতকাল । ডিমের দাম এই সময়ে স্বয়ংক্রিয়ভাবেই কমে জানিয়ে পোলট্রি মালিকদের সংগঠনের পরামর্শ, মুরগির বাচ্চা ও খাবারের দাম নিয়ে ‘কারসাজি’র দিকে মনযোগ দিক সরকার।দেশে ডিমের দৈনিক চাহিদা কত, এই প্রশ্নে আবার প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে ৫ কোটির কথা, আর বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বলছে ৪ কোটি। অন্যদিকে ভারত থেকে আনার অনুমতি দেওয়া হয়েছে সাড়ে চার কোটি। অর্থাৎ ভারত থেকে আনা ডিমে চলবে এক দিন।

হাতিরপুলে  ডিম কিনতে যাওয়া শেখ আজাদ জানালেন, তিনি নিজে একটি মেছ পরিচালনা করেন। সপ্তাহে একদিন মেনুতে ডিম রাখেন। তার মোট বোর্ডারের সংখ্যা ৫৫জন। ফলে ৩০টির ডিমের খাচিআমার দুটো লাগে। কিন্তু আমি বর্তমানে বিপাকে পড়েছি। ডিম পাতে দিতে গেলে খরচে পোষাচ্ছে না।  সবজির দামও চড়া। ডিমতো শুধু রান্না করা যায় না। তার সঙ্গে সবজির যোগান দিতে হয়। তাই, সপ্তাহের একদিন আমি বিপাকে পড়ি। তিনি জানান, খবরের কাগজের মাধ্যমে জানতে পারলাম ডিমের আমদানি দর সাড়ে সাত টাকা। অথচ সেই ডিম আমাদের কিনতে হচ্ছে ১৪ টাকা করে। এই অসামঞ্জস্যতা কেন? তাই প্রশ্ন কেন ডিমের দাম এতোবেশি রাখা হচ্ছে?

কী বলছেন খামারীরা?

খামারি, ব্যবসায়ীরা ডিম বিক্রি করে লাভাবান হচ্ছেন এমনটি তারা স্বীকার করেন না। তারা বলছেন, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া একই সঙ্গে ফিড,বাচ্চা ও খাবার ওষূধ সবকিছুর দামই এখন উর্দ্ধমূখী।  এসব খাবার ও বাচ্চার দাম বাড়ার কারণে অসংখ্য খামার বন্ধ  হয়ে গেছে। দ্বিতীয়ত. আবহাওয়াজনিত কারণে উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে, তৃতীয়ত, দেশের একটি বড় অংশে পাহাড়ি ঢলজনিত কারণে বন্যায় খামার ভেসে গেছে, চতুর্থত, বাজারে নানা ধরনের অপকৌশল যা বস্তুত ডিমের বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। এখানে সিন্ডিকেটের কারসাজি আছে বলেই তারা মনে করেন।

গত বুধবার ডিমের ঢাকার আড়ৎ কাপ্তানবাজারে পাইকারিতে প্রতিটি ডিসের দাম ১৩ টাকা ২০ পয়সা শুনে আজিমপুরের বাসিন্দা জাইয়ান বিন জাহান বলেন, এক খুচরা ব্যবসায়ীকে দেখলাম প্রায় ৫৩ টাকায় এক হালি ডিম কিনতে। এখন সে তো তার দোকানে ৬০ টাকা বিক্রি করবেই। পরিবহন খরচ ধরলে কমে বিক্রি করলে তারও পোষাবে না। তেজগাঁওয়ের পাইকারিতে বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, ডিমের দাম বাড়ার কারণ হইল বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় ডিমের সংকট তৈরি হয়েছে।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল বলেন,  লেয়ারের বাচ্চা কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। যে কোম্পানিগুলো বাচ্চা উৎপাদন করে তারা বাচ্চার দাম ৮৫ থেকে ১২০ টাকা পর্যন্ত করে। আবার বাচ্চা পেতে ছয় মাস আগে অর্ডার দিয়ে পিছনে পিছনে ঘুরতে হয়। ফিডেরও দাম বেশি। এসব কারণে আমার এলাকায় অনেক খামার বন্ধ হয়ে গেছে। সরকারের এসবে নজর নেই। যা খুব জরুরি দরকার।

বন্যায় মোট ডিমের অন্তত ৩০ শতাংশ উৎপাদন কমেছে উল্লেখ করে তিনি বলেন, এই উৎপাদন না কমলে অন্তত সংকট তৈরি হত না। আর ব্রয়লারে যেমন এক দেড় মাসেও সংকট কাটানো যায়, কিন্তু লেয়ার বাচ্চা দেয়া শুরু করে পাঁচ-ছয় মাস পর। তাই ডিমের সংকট কাটাতে সময়ের প্রয়োজন।

বিপিএ সভাপতি সুমন হাওলাদার আশা করছেন এক মাসের মধ্যে দাম কমে আসবে। নভেম্বরের শুরুতে একটা ডিম খামার পর্যায়ে ৮-৯ টাকায় চলে আসবে। কারণ, তখন বাজারে সবজি চলে আসলে ডিমের চাহিদ অটোমেটিকা কমে যাবে।

উৎপাদন খরচ আসলে কত?

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক রিপন কুমার মন্ডলের কাছে জানতে চেয়েছিলাম প্রকৃতভাবে একটি ডিমের  উৎপাদন খরচ কত? যদিও আগে বলা হয়েছিল ,৯ টাকা। কিন্তু বাস্তবে কত? তবে তিনি জানালেন, এবিষয়ে সঠিক কোন পরিসংখ্যান নেই। কারণ, একটা বড় অংশ ডিম নিয়ে কারসাজি করে। তাই আসলেই ডিমের উৎপাদন কত আর চাহিদা কত এটা আমাদের অজানা। ডিএলএস যেটা বলেছে, যে একজন মানুষ বছরে গড়ে ১০৭ টা ডিম খাবে। বাস্তবে কিন্তু তা নয়। খামারিরা বলছেন, খাবার ও বাচ্চার দাম বেশি হওয়ায় দেশে ডিম উৎপাদনের খরচ বেশি। এটিই ডিমের দাম বৃদ্ধির প্রধান কারণ।  আবার ভারতের তুলনায় আমাদের দেশে ওষুধের দামও তিনগুণ। এসব দিকে যদি সরকার কঠোর নজরদারি করে তাহলে ৮ টাকার নিচে ডিমের দাম আনা সম্ভব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.