কোটা সংস্কার আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এর মামলার সাথে আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেটের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন শহীদের পরিবার। রোববার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর আদালত চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ আবু সাঈদের বড়ভাই ও মামলার বাদী রমজান আলী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৬ অক্টোবর পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইজিপি উপস্থিতিতে অনুষ্ঠিত সুধী সমাবেশে আবু সাঈদের মামলার আইনজীবী পরিচয় দিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটায় আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট। অথচ শহীদ আবু সাঈদের মামলায় তার কোন সম্পৃক্ততা নাই এবং তিনি ওই মামলার কোন আইনজীবী নন। প্রকৃতপক্ষে শহীদ আবু সাঈদ এর মামলার প্যানেল আইনজীবীগণ হলেন আইনজীবী রোকনুজ্জামান রোকন, আইনজীবী রায়হান কবির, আইনজীবী শামিম আল মামুন, আইনজীবী রায়হানুজ্জামান রায়হান, আইনজীবী কামরুন্নাহার খানম শিখা, আইনজীবী রাতুজ্জামান রাতুল, আইনজীবী মাহে আলম, আইনজীবী মাইদুল ইসলাম।
শহীদ আবু সাঈদের বড়ভাই ও মামলার বাদী রমজান আলী আরো জানান, পুলিশ বাদী হয়ে করা আবু সাঈদ এর মামলায় কোন ছাত্রদের হাজিরা দেওয়ার প্রয়োজন নাই মর্মে আদালত সূত্রে জ্ঞাত করা হয়েছে। এরপরও কোন বিশেষ ব্যক্তি যদি কোন হীন উদ্দেশ্যে শহীদ আবু সাঈদ এর নামে কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা কোন তদবির বাণিজ্য করার চেষ্টা করে, তাদের কঠোর হস্তে দমন করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে শহীদ আবু সাঈদ এর মামলার প্যানেল আইনজীবীগণ উপস্থিত ছিলেন।