× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যাটারিচালিত রিকশাচালক ও পুলিশের সংঘর্ষে ২ পুলিশ সদস্য আহত

ডেস্ক রিপোর্ট

২০ নভেম্বর ২০২৪, ১৫:১৪ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৪, ১৫:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশের বিরুদ্ধে আজ (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশাচলকরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ও রিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

এ বিষয়ে, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিকশাচালকরা। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গতকাল (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রাজধানীতে বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে, এর মধ্যে একটি বড় একটি অংশই ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত রিকশাগুলোর মধ্যেও অনেকগুলোতে ব্যাটারি লাগানো হয়েছে।

যদিও রাজধানীর অলিগলিতেই এসব ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য বেশি। তবে সুযোগ পেলেই মূল সড়কেও এই বাহনটি বেশ বিশৃঙ্খলা সৃষ্টি করে। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি। 

ব্যাটারিচালিত রিকশার বিশৃঙ্খল আচরণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে গতকালই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির অকালমৃত্যু ঘটেছে। ঢাকায় দুই সিটি করপোরেশন দফায় দফায় অভিযান পরিচালনা করা সত্ত্বেও এ যানবাহনটির দৌরাত্ম্য থেমে নেই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.