চট্টগ্রামে
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় এক বিবৃতিতে ক্ষোভ ও শোক প্রকাশ করেছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে তারা কেই খুনের ঘটনায় জড়িতদের দ্রুততার
সাথে গ্রেপ্তারের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
বিবৃতিতে
সিপিবি বলেছে, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমরা মর্মাহত,
বিক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায়
আনতে হবে। এই ঘটনা যাতে ভিন্ন খাতে চলে না যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে
হবে।
সিপিবির সভাপতি
মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক বিবৃতিতে দ্রুততম সময়ের
মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে
সবাইকে ধৈর্য ধারণ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সিপিবির নেতারা।
তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন ও হত্যার
সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত জনজীবনে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান
জানান।